জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

১৯ এপ্রিল ২০২৬

জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

লিওনেল মেসির জোড়া গোলে দুই ম্যাচ পর মেজর লিগ সকারে (এমএলএস) জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি।

শনিবার কলোরাডো র‌্যাপিডসের মাঠে স্বাগতিকদের ৩-২ গোলে হারায় মায়ামি। গত মঙ্গলবার মায়ামির কোচের পদ থেকে হাভিয়ের মাসচেরানোর সরে দাঁড়ানোর পর নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেই জয়ের দেখা পেল তারা।

এদিন ডেনভারের এম্পাওয়ার ফিল্ডে মেসি-সুয়ারেসদের খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন ৭৫ হাজার ৮২৪ জন দর্শক, যা এমএলএসের ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।

ম্যাচের ১৮তম মিনিটে পেনাল্টি থেকে মায়ামিকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধের শেষ দিকে দুই গোলে এগিয়ে যায় অতিথিরা। তবে বিরতির পর চার মিনিটের ভেতর সমতায় ফেরে কলোরাডো।

৭৯তম মিনিটে রদ্রিগো দি পলের বাড়ানো বল ধরে দলকে আবার এগিয়ে মেসি। এমএলএসের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৭টি গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা, যা চলতি আসরে যৌথভাবে সর্বোচ্চ।

৮৭তম মিনিটে ১০ জনের দলে পরিণত হলেও বিপদ বাড়েনি মায়ামির। টানা দুই ম্যাচে ড্রয়ের পর জয় পেল তারা।

মন্তব্য করুন: