৪ ম্যাচ হাতে রেখেই বুন্ডেসলিগার শিরোপা বায়ার্নের

২০ এপ্রিল ২০২৬

৪ ম্যাচ হাতে রেখেই বুন্ডেসলিগার শিরোপা বায়ার্নের

শিরোপা নিশ্চিত করতে স্টুটগার্টের বিপক্ষে কেবল হার এড়ালেই চলত বায়ার্ন মিউনিখের। তবে শুরুতে গোল হজমের পর প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে চার ম্যাচ হাতে রেখে বুন্ডেসলিগার শিরোপা ধরে রাখা নিশ্চিত করেছে ভিনসেন্ট কোম্পানির দল।

রোববার আলিয়াঞ্জ অ্যারেনায় স্টুটগার্টকে ৪-২ গোলে হারায় বায়ার্ন। আগের দিন হফেনহাইমের মাঠে বরুশিয়া ডর্টমুন্ড হেরে যাওয়ায় এদিন ড্র করলেও শিরোপা নিশ্চিত হতো জার্মানির সফলতম ক্লাবটির।

বুন্ডেসলিগায় এটি বায়ার্নের রেকর্ড ৩৫তম শিরোপা। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি শিরোপা জিতেছে নুর্নবার্গ।

১৮ দলের প্রতিযোগিতায় ৩০ রাউন্ড শেষে ২৫ জয় ও চার ড্রয়ে কোম্পানির দলের পয়েন্ট ৭৯। দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ৬৪।

গত ম্যাচেই বুন্ডেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া বায়ার্ন এদিন ২১তম মিনিটে পিছিয়ে যায়। তবে ১০ মিনিট পর ৬ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে এগিয়ে যায় তারা। স্কোরশিটে নাম তোলেন রাফায়েল গেরেরো, নিকোলাস জ্যাকসন ও আলফন্সো ডেভিস।

বিরতির পর বদলি হিসেবে নেমে ৫২তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন হ্যারি কেইন। চলতি আসরে এখন পর্যন্ত এই ইংলিশ গোলমেশিন ৩২টি গোল করলেন। বুন্ডেসলিগার এক মৌসুমে রবের্ট লেভানডফস্কির সর্বোচ্চ গোলের (৪১) রেকর্ড ছুঁতে শেষ চার ম্যাচে ৯ গোল করতে হবে এই স্ট্রাইকারকে।

অবশ্য আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথেই আছেন কেইন। তালিকায় তার পরের অবস্থানে থাকা ফুটবলারের গোল সংখ্যা ১৮টি। ফলে বুন্ডেসলিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এই টুর্নামেন্টে নিজের প্রথম তিন মৌসুমেই সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়তে যাচ্ছেন ইংলিশ অধিনায়ক।

আগামী বুধবার জার্মান কাপের সেমি-ফাইনালে বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে বায়ার্ন। ২৮ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে তারা।

এই দুই শিরোপা জিতলে ইতিহাসের প্রথম ইউরোপীয় ক্লাব হিসেবে তিনটি ট্রেবল জয়ের রেকর্ড গড়বে বায়ার্ন। এর আগে ২০১২-১৩ ও ২০১৯-২০ মৌসুমে এই ট্রেবল জিতেছিল জার্মান জায়েন্টরা।

মন্তব্য করুন: