বার্সাতেই ক্যারিয়ার শেষ করতে চান ফ্লিক

২১ এপ্রিল ২০২৬

বার্সাতেই ক্যারিয়ার শেষ করতে চান ফ্লিক

এক দশকেরও বেশি সময় আগে চ্যাম্পিয়নস লিগে সবশেষ শিরোপা জিতেছিল বার্সেলোনা। কাতালান ক্লাবটির এই শিরোপা খরা কাটিয়ে এই ক্লাব থেকেই কোচিং ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা পোষণ করেছেন হানসি ফ্লিক।

বার্সেলোনার সঙ্গে ৬১ বছর বয়সী জার্মান এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২৭ সাল পর্যন্ত। ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ইতিমধ্যেই তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন। আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গেলেও লা লিগায় টানা দ্বিতীয় শিরোপার পথে থাকায় ফ্লিকের ওপর পূর্ণ আস্থা রাখছে ক্লাব কর্তৃপক্ষ।

শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যেতে বুধবার ঘরের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ফ্লিক।

চুক্তি নবায়ন করাটাই আমার পরিকল্পনা। আমি আগেও বলেছি এবং এটি শতভাগ সত্য, এটাই আমার ক্যারিয়ারের শেষ ধাপ। বর্তমানে আমি এখানে খুব ভালো অনুভব করছি।

শিরোপাহীন ২০২৩-২৪ মৌসুম কাটানোর পর বার্সেলোনার দায়িত্বে আসেন ফ্লিক। প্রথম মৌসুমেই লা লিগা, কোপা দেল রে স্প্যানিশ সুপার কাপ জিতে দলকে ঘরোয়া ট্রেবল জেতান তিনি। চলতি মৌসুমে ইতোমধ্যে দলকে জিতিয়েছেন স্প্যানিশ সুপার কাপ। এখন আছেন লিগ শিরোপা জয়ের অপেক্ষায়।

২০২০ সালে বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এই কোচ বার্সেলোনার হয়েও সেই স্বাদ পেতে মরিয়া। ২০১৫ সালে সবশেষ এই শিরোপা জেতার পর আর কখনও ফাইনালে ওঠতে পারেনি কাতালান ক্লাবটি। গত মৌসুমে সেমি-ফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।

বার্সেলোনায় নিজের দুটি বড় স্বপ্নের কথা জানিয়ে ফ্লিক বলেন, “এখানে চ্যাম্পিয়নস লিগ জেতা আমার জন্য একটি বড় স্বপ্ন। জীবনে আমি দুটি জিনিস চাই। প্রথমত, আমরা যেন চ্যাম্পিয়নস লিগ জিতি। আগামী কয়েক বছরের জন্য আমাদের একটি ভালো দল আছে, তবে ট্রান্সফার পিরিয়ডগুলোতে আমাদের নিখুঁত সিদ্ধান্ত নিতে হবে।

দ্বিতীয়ত, কাম্প নউ স্টেডিয়ামের কাজ পুরোপুরি শেষ হওয়ার পর আমি সেখানে কোচের দায়িত্বে থাকতে চাই। আমি জানি না সেটি কখন হবে। পারফরম্যান্স এবং জয়ের ওপরই সব নির্ভর করে।

লিগে বর্তমানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। বাকি আছে সাত ম্যাচ।

মন্তব্য করুন: