ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নেমে গেল হামজার লেস্টার
২২ এপ্রিল ২০২৬
রূপকথার গল্প লিখে ১০ বছর আগে ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লেস্টার সিটির আরেকটি অবনমন হয়েছে। দেশটির ফুটবলের দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরে নেমে গেছে হামজা চৌধুরীর দল।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া লেস্টার মঙ্গলবার ঘরের মাঠে হাল সিটির সঙ্গে ম্যাচটি ২-২ সমতায় শেষ করে। এই ড্রয়ের ফলে তাদের তৃতীয় স্তরে নেমে যাওয়া নিশ্চিত হয়। আগামী মৌসুমে তারা খেলবে লিগ ওয়ানে।
ক্লাবের ১৪২ বছরের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার তৃতীয় স্তরের লিগে খেলবে লেস্টার। দলটি এর আগে ২০০৮-০৯ মৌসুমে লিগ ওয়ানে শেষবার খেলেছিল। সেবার শিরোপা জিতে আবার চ্যাম্পিয়নশিপে উঠেছিল তারা।
ইংলিশ ফুটবল ইতিহাসের পঞ্চম দল হিসেবে টানা দুই মৌসুমে অবনমন হয়ে তৃতীয় স্তরে নেমে যাওয়ার বিব্রতকর রেকর্ড গড়ল লেস্টার। ২৪ দলের চ্যাম্পিয়নশিপে ৪৪ ম্যাচে ১১ জয় ও ১৫ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তালিকার ২৩ নম্বরে আছে তারা। হাতে বাকি আছে দুই ম্যাচ। অবনমন অঞ্চলের বাইরে থাকা শেষ দলটির চেয়ে হামজার দল পিছিয়ে আছে ৭ পয়েন্টে।
২০১৫-১৬ মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল লেস্টার। ২০১৬ সালের মে মাসে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে শিরোপা উঁচিয়ে ধরেছিল তারা। এবার রেলিগেশনের হাত থেকে বাঁচার ম্যাচে গ্যালারির অর্ধেকের বেশি ফাঁকা ছিল।
প্রিমিয়ার লিগ জেতা ছাড়াও পরের মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলতে গিয়ে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত গিয়েছিল লেস্টার। ২০২১ সালে জিতেছিল এফএ কাপের শিরোপা। তবে ২০২২-২৩ মৌসুমে দ্বিতীয় স্তরে নেমে গিয়েছিল তারা। পরের মৌসুমেই আবার ফিরেছিল প্রিমিয়ার লিগে। কিন্তু গত মৌসুমে আবার নেমে যায় চ্যাম্পিয়নশিপে।















মন্তব্য করুন: