মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ

২২ এপ্রিল ২০২৬

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ

গতবারের মতো এবারও মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে বর্তমান চ্যাম্পিয়নদের অন্য প্রতিপক্ষ মালদ্বীপ।

বুধবার ঢাকায় দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ আসরের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হয়। ছয় দলের এবারের আসরে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। ‘এ গ্রুপে জায়গা হয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ভারতের গোয়ায়। ২৫ মে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৬ জুন পর্যন্ত। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যাবে সেমি-ফাইনালে। এরপর ফাইনাল।

২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ঋতুপর্ণা-আফঈদারা স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ৩১ মে।

নেপালে গত আসরের গ্রুপপর্বে ভারতের বিপক্ষে আফঈদা-তহুরার নৈপুণ্যে ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছিল পিটার বাটলারের দল।

এখন পর্যন্ত মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে সাতবার। সর্বোচ্চ পাঁচবার শিরোপা জেতা ভারতের আধিপত্য থামিয়ে ২০২২ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

মন্তব্য করুন: