বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে সুযোগ দেওয়ার প্রস্তাব
২৩ এপ্রিল ২০২৬
আসন্ন বিশ্বকাপে ইরানকে সরিয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে অন্তর্ভুক্ত করার জন্য ফিফার কাছে প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য ফিন্যান্সিয়াল টাইমস।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাহিনীর যৌথ আক্রমণে ইরানে চলমান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক আক্রমণের জেরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। সেই সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবেই এই পরিকল্পনা করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “আমি নিশ্চিত করছি যে, বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে অন্তর্ভুক্ত করার জন্য আমি ট্রাম্প এবং (ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি) ইনফান্তিনোকে পরামর্শ দিয়েছি। আমি জন্মসূত্রে ইতালীয় এবং আমেরিকায় আয়োজিত টুর্নামেন্টে আজজুরিদের দেখাটা হবে একটি স্বপ্ন। চারবারের শিরোপাজয়ী হিসেবে তাদের অন্তর্ভুক্তির যৌক্তিকতা প্রমাণের মতো যোগ্যতা রয়েছে।”
এ বিষয়ে হোয়াইট হাউজ, ফিফা, ইতালিয়ান ফুটবল ফেডারেশন, ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।
গত মার্চে ইউরোপিয়ান বাছাইপর্বের প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ইতালি।
অন্যদিকে গত বছর মার্চে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইরান। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা তাদের গ্রুপপর্বের ম্যাচ তিনটি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানিয়ে আসছে। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম চলতি মাসের শুরুতে জানান, ইরানের এই অনুরোধ নাকচ করে দিয়েছে ফিফা।
বুধবার তেহরানে এক সরকারি সমাবেশে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সব আয়োজন সম্পন্ন করছি, তবে আমরা কর্তৃপক্ষের (সরকার) সিদ্ধান্ত মেনে চলি। আপাতত সিদ্ধান্ত হলো, জাতীয় দল যেন বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত থাকে।”
তবে ইরান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে সরিয়ে নেয় তবে শূন্যস্থান পূরণের সিদ্ধান্তটি থাকবে ফিফার হাতে। বিশ্বকাপের নিয়মের ষষ্ঠ ধারা অনুযায়ী, কোনো দেশ নাম প্রত্যাহার করলে ফিফা নিজেদের ইচ্ছামতো যেকোনো দেশকে সেই জায়গায় ডাকার ক্ষমতা রাখে।
ধারণা করা হচ্ছে, এশিয়া থেকে কোনো দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার জন্য জোরালো চেষ্টা চালাবে এএফসি। এক্ষেত্রে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত। গত নভেম্বরে আন্তঃমহাদেশীয় বাছাইপর্বের প্লে-অফে ইরাকের কাছে হেরেছিল তারা।
তবে আরব আমিরাতের ফুটবলীয় ঐতিহ্য ইতালির তুলনায় অনেকটাই নগণ্য। এখন পর্যন্ত কেবল ১৯৯০ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল দেশটি, যেখানে গ্রুপপর্বের সব ম্যাচেই হেরেছিল তারা।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপের ‘জি’ গ্রুপে আছে ইরান। বাংলাদেশ সময় ১৬ জুন সকালে নিজেদের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা আছে তাদের।















মন্তব্য করুন: