সাড়ে ৬ বছরের দায়িত্ব সাড়ে ৩ মাসেই শেষ চেলসি কোচের

২৩ এপ্রিল ২০২৬

সাড়ে ৬ বছরের দায়িত্ব সাড়ে ৩ মাসেই শেষ চেলসি কোচের

১১৪ বছরের মধ্যে লিগে দলের সবচেয়ে বাজে পারফরম্যান্সের পর বরখাস্ত করা হয়েছে চেলসি কোচ লিয়াম রোজেনিয়রকে। বুধবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় লন্ডনের ক্লাবটি।

এনসো মারেস্কার বিদায়ের পর গত জানুয়ারির শুরুতে রোজেনিয়রকে সাড়ে ছয় বছরের চুক্তিতে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু সাড়ে তিন মাস পার হতেই চাকরি হারালেন তিনি।

রোজেনিয়রের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচ খেলা চেলসি হেরেছে ১০টিতে।

গত মঙ্গলবার ব্রাইটনের কাছে ৩-০ গোলে হারের পর পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে চেলসি। ম্যাচের পর মাঠে শিষ্যদের নিবেদন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন রোজেনিয়র।

আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে চেলসিকে থাকবে হবে শীর্ষ পাঁচের মধ্যে। তালিকার পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে লন্ডনের দলটি পিছিয়ে আছে ৭ পয়েন্টে। এক ম্যাচ কম খেলেছে আর্নে স্লটের দল।

গত ৫ মার্চ অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারানোর পর থেকে প্রিমিয়ার লিগে কোনো জয়ের দেখা পায়নি চেলসি। টানা পাঁচ ম্যাচে হারা রোজেনিয়রের দল গোল করতে পারেনি একটিও। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে দলটি এমন বিব্রতকর রেকর্ড করেছিল ১৯১২ সালে।

এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচের সাতটিতেই হেরেছে চেলসি। একমাত্র জয়টি আসে এফএ কাপে, তৃতীয় স্তরের দল পোর্ট ভ্যালের বিপক্ষে। এই সময় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় তারা। দুই লেগ মিলিয়ে গোল হজম করে ৮টি, দিতে পারে দুটি।

মৌসুমের শেষ পর্যন্ত চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যালাম ম্যাকফারলেইন। মারেস্কার বিদায়ের পরও অন্তর্বর্তীকালীন কোচেরে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

মন্তব্য করুন: