মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ইয়ামাল
২৩ এপ্রিল ২০২৬
লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে জয়ের রাতে বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে লামিনে ইয়ামালের চোট। পেনাল্টি থেকে গোল করার ঠিক পরেই হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ডকে। তার এই চোট কেবল কাতালান ক্লাবটির জন্যই নয়, স্পেন জাতীয় দলের জন্যও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।
বুধবার কাম্প নউয়ে ইয়ামালের একমাত্র গোলে সেল্তাকে হারায় বার্সেলোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে হানসি ফ্লিকের দল। লিগে তাদের বাকি আছে আর ছয় ম্যাচ।
ইএসপিএনকে ক্লাবের অভ্যন্তরীণ সূত্র জানায়, প্রাথমিক লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে ইয়ামালের হ্যামস্ট্রিং পেশি ছিঁড়ে গেছে। তবে এই চোট কতটা গুরুতর এবং কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা বৃহস্পতিবার স্ক্যান করার পর নিশ্চিত হওয়া যাবে।
শেষ পর্যন্ত এমনটা হলে মৌসুমের বাকিটা সময় মাঠের বাইরে কাটাতে হতে পারে বলে সেই প্রতিবেদনে উল্লেখ করে ইএসপিএন। ইউরোপিয়ান ক্লাব মৌসুম শেষে আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে এবারের বিশ্বকাপ।
ম্যাচের ৪০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। কিন্তু গোল করার পর উদযাপন না করে তিনি সরাসরি মাটিতে বসে পড়েন এবং মেডিকেল স্টাফদের ডাকেন। রিপ্লেতে দেখা যায়, শট নেওয়ার পরপরই তিনি নিজের হ্যামস্ট্রিং চেপে ধরেন। মাঠে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি হেঁটে মাঠ ছাড়েন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইয়ামালের চোট প্রসঙ্গে ফ্লিক বলেন, “আমাদের অপেক্ষা করতে হবে। দেখতে হবে আসলে কী হয়েছে। সে চোট অনুভব করেছে। কোনো কারণ ছাড়া গোল করার পর সে মাঠ ছেড়ে আসত না। আশা করি এটি খুব বেশি গুরুতর নয়। তবে কালকের (বৃহস্পতিবার) আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।”
স্পেন জাতীয় দল সতীর্থ ও বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রির ধারণা, কমপক্ষে কয়েক সপ্তাহের জন্য মাঠে বাইরে থাকবেন ইয়ামাল।
“আশা করি লামিনে কেবল কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে। তার জন্য শুভকামনা। সে এখনও তরুণ, তাই তার শান্ত থাকা উচিত। সে দ্রুতই সেরে উঠবে।”
মৌসুমের শুরুতে চোটের কারণে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে থাকা ইয়ামালের জন্য এবারের মৌসুমটি ছিল দুর্দান্ত। ৪৫ ম্যাচে ২৪টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন তিনি।
আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। সব কিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হবে ইয়ামালের।















মন্তব্য করুন: