বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির গ্যানাব্রি
২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর দুই মাসেরও কম সময় আগে বড় এক ধাক্কা খেয়েছে জার্মানি। পায়ের পেশির চোটের কারণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে দেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন না বায়ার্ন মিউনিখের অ্যাটাকিং মিডফিল্ডার সের্জ গ্যানাব্রি।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানান তিনি গ্যানাব্রি নিজেই। এর আগে গত রোববার বায়ার্নের পক্ষ থেকে জানানো হয়েছিল, পেনাল্টি অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পান গ্যানাব্রি।
গত মার্চে সুইজারল্যান্ড এবং ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচে জার্মানির শুরুর একাদশে থাকা এই ফুটবলার কোচ ইউলিয়ান নাগেলসমানের কৌশলের অন্যতম অংশ ছিলেন।
বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হওয়া যাওয়ার বার্তায় গ্যানাব্রি লেখেন, “গত কয়েক দিনের পরিস্থিতি সামলে নেওয়া কঠিন ছিল। এফসি বায়ার্নের জন্য এমন একটি মৌসুম যেখানে গত সপ্তাহান্তে বুন্ডেসলিগা শিরোপা নিশ্চিত করার পরও এখনও অনেক কিছু পাওয়ার বাকি আছে।”
“জার্মান জাতীয় দলের হয়ে বিশ্বকাপের স্বপ্নটি আমার জন্য দুঃখজনকভাবে শেষ হয়ে গেল। দেশের বাকি সবার মতো আমিও বাড়ি থেকে ছেলেদের সমর্থন করব। এখন সময় সেরে ওঠার দিকে মনোনিবেশ করার এবং প্রাক-মৌসুমের আগে ফিরে আসার। আপনাদের সব বার্তার জন্য ধন্যবাদ।”
বায়ার্নের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ১০টি গোল ও ১৩টি অ্যাসিস্ট করেন গ্যানাব্রি।
ইতোমধ্যে জার্মান বুন্ডেসলিগার শিরোপা নিশ্চিত করা বায়ার্নকে এখন ট্রেবল জয়ের লড়াইয়ে দলের এই গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই এগুতে হবে।
বুধবার জার্মান কাপের সেমি-ফাইনালে বায়ার লেভারকুজেনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। আগামী ২৮ এপ্রিল পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের প্রথম লেগ খেলবে ভিনসেন্ট কোম্পানির দল।
আগামী ১২ মে বিশ্বকাপের জার্মানির দল ঘোষণা করবেন কোচ নাগেলসমান। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ কুরাসাও, একুয়েডর ও কোত দ্য ভোয়া।















মন্তব্য করুন: