মৌসুম শেষ হয়ে গেলেও বিশ্বকাপে খেলতে পারেন ইয়ামাল

২৩ এপ্রিল ২০২৬

মৌসুম শেষ হয়ে গেলেও বিশ্বকাপে খেলতে পারেন ইয়ামাল

শঙ্কাটাই সত্যি হয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চলতি মৌসুমের বাকি অংশে আর খেলতে পারবেন না লামিনে ইয়ামাল। তবে বিশ্বকাপে স্প্যানিশ এই ফরোয়ার্ডের অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক তথ্য দিয়েছে বার্সেলোনা।

বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইয়ামালের বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটের বিষয়টি নিশ্চিত করে কাতালান ক্লাবটি।

ইয়ামালের চিকিৎসার পরিকল্পনা সম্পর্কে বার্সেলোনার তরফ থেকে বলা হয়, “তিনি একটি অস্ত্রোপচারহীন চিকিৎসা পরিকল্পনা অনুসরণ করবেন। লামিনে ইয়ামাল এই মৌসুমের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। তবে বিশ্বকাপে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। নিজেদের উদ্বোধনী ম্যাচে ১৫ জুন কেপ ভার্দের মুখোমুখি হবে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। সব কিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হবে ইয়ামালের।

বুধবার কাম্প নউয়ে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচের ৪০তম মিনিটে পেনাল্টি থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। কিন্তু গোল করার পর উদযাপন না করে তিনি সরাসরি মাটিতে বসে পড়েন এবং মেডিকেল স্টাফদের ডাকেন। রিপ্লেতে দেখা যায়, শট নেওয়ার পরপরই তিনি নিজের হ্যামস্ট্রিং চেপে ধরেন। মাঠে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি হেঁটে মাঠ ছাড়েন।

ইয়ামালের একমাত্র গোলে পাওয়া জয়ে পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে হানসি ফ্লিকের দল। লিগে তাদের বাকি আছে আর ছয় ম্যাচ।

মৌসুমের শুরুতে চোটের কারণে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে থাকা ইয়ামালের জন্য এবারের মৌসুমটি ছিল দুর্দান্ত। বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচে ২৪টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন।

মন্তব্য করুন: