ইরানের বদলে বিশ্বকাপে সুযোগ পাওয়ার ইচ্ছে নেই ইতালির

২৪ এপ্রিল ২০২৬

ইরানের বদলে বিশ্বকাপে সুযোগ পাওয়ার ইচ্ছে নেই ইতালির

ইরানের বদলে আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে ইতালি। একই সঙ্গে ফিফায় দেওয়া এমন প্রস্তাবকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন দেশটির অর্থনীতি মন্ত্রী।

গত বুধবার ব্রিটিশ দৈনিক দ্য ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, আসন্ন বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাহিনীর যৌথ আক্রমণে ইরানে চলমান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক আক্রমণের জেরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। সেই সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবেই ফিফাকে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে ইতালির মন্ত্রী ও ক্রীড়া কর্মকর্তারা ইরানের বদলে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। দেশটির অর্থনীতি মন্ত্রী জানকার্লো জিওরগেত্তি এই প্রস্তাবকে ইতালির জন্য ‘লজ্জাজনক হিসেবে আখ্যা দেন।

অন্যদিকে ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি বলেন, “প্রথমত এটি সম্ভব নয়, দ্বিতীয়ত এটি সমীচীনও নয়। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হয় মাঠের লড়াইয়ে।

এমন প্রস্তাবে অপমানিত বোধ করার কথা জানিয়ে ইতালি অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুওনফিগলিও বলেন, “বিশ্বকাপে যেতে হলে তা অর্জন করতে হয়।

বৃহস্পতিবার সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানায়, ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার কোনো পরিকল্পনা নেই ফিফার। জাম্পোলির প্রস্তাবের বিপরীতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দেওয়া একটি বক্তব্যকে সামনে আনা হয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটনে তিনি নিশ্চিত করে জানিয়েছিলেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নেবে ইরান।

গত মাসে ইউরোপিয়ান বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইতালি। অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা ও চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে এর আগে অস্বীকৃতি জানিয়েছিল ইরান। তবে টুর্নামেন্টে অংশ নিতে দেশটি পুরো প্রস্তুত আছে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় এবারের বিশ্বকাপ শুরু হবে। ‘জি গ্রুপে নিউ জিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের সঙ্গে আছে ইরান।

মন্তব্য করুন: