রিয়ালের হোঁচটের রাতে এমবাপ্পের চোট
২৫ এপ্রিল ২০২৬
স্প্যানিশ লা লিগায় রিয়াল বেতিসের সঙ্গে ড্র করে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট হারানোর পাশাপাশি দলটির জন্য দুশ্চিন্তা হয়ে এসেছে দলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা।
শুক্রবার বেতিসের মাঠে অন্তিম মুহূর্তে রিয়াল গোল হজম করলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
১৭তম মিনিটে সফরকারীদের এগিয়ে দেন ভিনিসুস জুনিয়র। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে সমতায় ফিরে স্বাগতিকরা।
ম্যাচের ৮১তম মিনিটে এমবাপ্পে নিজেই মাঠ ছাড়ার সংকেত দেন এবং সরাসরি ড্রেসিংরুমে চলে যান। ফরাসি এই ফরোয়ার্ডের বদলি হিসেবে মাঠে নামেন গন্সালো গার্সিয়া।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এমবাপ্পে।
২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের সবশেষ অবস্থা জানিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরবেলোয়া বলেন, “এমবাপ্পের ঠিক কী হয়েছে সে সম্পর্কে আমার নিশ্চিত কোনো ধারণা নেই। সে কিছুটা অস্বস্তি বোধ করছিল। আগামী কয়েক দিন আমরা দেখব তার অবস্থার কেমন উন্নতি হয়।”
চলতি মৌসুমে লিগে ২৮ ম্যাচে ২৪ গোল করা এমবাপ্পে কেবল রিয়ালের জন্যই নয়, আসন্ন বিশ্বকাপে ফ্রান্স দলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অধিনায়কও তিনি। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দিদিয়ের দেশমের দল।
ড্রয়ের হতাশার পাশাপাশি রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রিয়াল কোচ। তার মতে, ব্রাহিম দিয়াসের শট প্রতিপক্ষ বক্সের ভেতর ডিফেন্ডারের হাতে লাগলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি।
“এটি একটি পরিষ্কার পেনাল্টি ছিল। তার হাত বাইরে ছিল। এখানে বেশি কিছু দেখার প্রয়োজন নেই, বিষয়টি খুবই স্পষ্ট।… এই ধরনের সিদ্ধান্তগুলো খেলার ফলে বড় প্রভাব ফেলে।”
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে রিয়াল। দলের এমন পরিস্থিতি নিয়ে আরবেলোয়া বলেন, “খেলাগুলো যখন এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় তখন এরকম হতেই পারে। এছাড়া ভাগ্য আমাদের খুব বেশি সহায় ছিল না।”
এই ড্রয়ের পর শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে আরবেলোয়ার দল। বাকি কেবল ৫ রাউন্ড।
রিয়ালের পরবর্তী ম্যাচ আগামী ৩ মে এস্পানিওলের বিপক্ষে। এরপর ১০ মে কাম্প নউয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে তারা।















মন্তব্য করুন: