রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান ফের্নান্দেস

২৫ এপ্রিল ২০২৬

রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান ফের্নান্দেস

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের বড় বড় সব ট্রফি জিতলেও বিশ্বকাপের শিরোপা এখনও অধরা আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। আসন্ন বিশ্বকাপ জিতে পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ারকে পূর্ণতা দিতে চাওয়ার কথা জানিয়েছেন তার জাতীয় দল সতীর্থ ব্রুনো ফের্নান্দেস।

আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপটি হতে যাচ্ছে ৪১ বছর বয়সী রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ।

শুক্রবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েন রুনির সঙ্গে এক সাক্ষাৎকারে ফের্নান্দেস বলেন, “ক্রিশ্চিয়ানোকে সঙ্গে নিয়ে এই শেষ বিশ্বকাপটি জয় করতে পারা হবে অসাধারণ কিছু।

আমি সত্যিই আশা করি আমরা এটি করতে পারব। কেবল পর্তুগালের জন্য নয়, ক্রিশ্চিয়ানো ফুটবল এবং এই বিশ্বের জন্য যা কিছু করেছেন, তার জন্য এটি হওয়া উচিত।

ইউনাইটেড অধিনায়ক ও পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেসের সঙ্গে ইতোমধ্যে দুইবার উয়েফা নেশন্স লিগ জিতেছেন রোনালদো। এর আগে ২০১৬ সালে পর্তুগালকে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ইউরো জেতাতে ভূমিকা রাখেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকা।

বিশ্বকাপ না জেতা সর্বকালের সেরা ফুটবলারদের একজন মনে করা হয় রোনালদোকে। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৪৩ গোলের মালিকও তিনি।

ফিফা র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা পর্তুগাল এবারের বিশ্বকাপে আছে ‘কে গ্রুপে। আগামী ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রোনালদো-ফের্নান্দেসরা। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

মন্তব্য করুন: