শিরোপা লড়াইয়ে ১১ পয়েন্টে এগিয়ে পরের ম্যাচে মনোযোগ বার্সা কোচের
২৬ এপ্রিল ২০২৬
রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গিয়ে লা লিগার শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির হাতে পাঁচ ম্যাচ বাকি থাকায় কত আগে এই শিরোপা লড়াই শেষ হবে তা নিয়ে চলছে আলোচনা। তবে বড় ব্যবধানে এগিয়ে থাকলেও মৌসুমের শেষ পর্যায়ে এসে কোচ হানসি ফ্লিক শিষ্যদের ধারাবাহিকতা বজায় রাখার তাগিদ দিয়েছেন।
শনিবার গেতাফের মাঠে ২-০ গোলে জেতে বার্সেলোনা। প্রথমার্ধের শেষ দিকে ফের্মিন লোপেস দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস র্যাশফোর্ড।
৩৩ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।
লিগে নিজেদের শেষ চার ম্যাচে কেবল একটি জয় পেয়েছে রিয়াল। ড্র করেছে দুটিতে, হেরেছে একটিতে। অন্যদিকে নিজেদের সবশেষ ৯ ম্যাচের সবকটিতেই জিতেছে বার্সেলোনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক জানান, এগিয়ে থাকলেও এখনই শিরোপা উদযাপন নিয়ে ভাবছে না তারা।
“আমরা জিতেছি এবং আমরা চেয়েছিলাম নিজেদের খেলাটা খেলতে, সেটা করতে পেরেছি। ড্রেসিংরুমে আমরা জয় উদযাপন করেছি, শিরোপা নয়। আমরা কেবল আজকের কাজ শেষ করার দিকে মনোযোগী ছিলাম।”
“শিরোপা এখনও নিশ্চিত হয়নি। আমাদের এখনও পাঁচ ম্যাচ বাকি আছে এবং আমরা কেবল পরের ম্যাচে মনোযোগ দিচ্ছি। যখন সময় আসবে তখন আমরা উদযাপন করব, এখন নয়।”
আগামী সপ্তাহন্তেই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে বার্সেলোনার। শনিবার যদি তারা ওসাসুনাকে হারাতে পারে এবং পরদিন রিয়াল এস্পানিওলের কাছে পয়েন্ট হারায়, তাহলে শিরোপা ধরে রাখবে তারা।
আগামী ১০ মে কাম্প নউয়ে লিগের দ্বিতীয় এল ক্লাসিকোয় রিয়ালের মুখোমুখি হবে ফ্লিকের দল। তবে এই ম্যাচের আগে শিরোপা নিয়ে না ভাবার কথা জানান বার্সেলোনা কোচ।
“আমাদের হাতে এখন যেই ম্যাচগুলো আছে সেগুলোতে মনোযোগ দেওয়া উচিত, ভবিষ্যতের দিকে নয়। আমাদেরকে পরের ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত হতে হবে। এটা সহজ হবে না।”















মন্তব্য করুন: