এফএ কাপের ফাইনালে সিটির প্রতিপক্ষ চেলসি

২৭ এপ্রিল ২০২৬

এফএ কাপের ফাইনালে সিটির প্রতিপক্ষ চেলসি

দলের টালমাটাল অবস্থার মাঝে ট্রফি দিয়ে মৌসুম শেষ করার সুযোগ পেয়েছে চেলসি। লিডস ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে লন্ডনের ক্লাবটি। শিরোপা লড়াইয়ে তারা খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেসের একমাত্র গোলে লিডসকে হারায় চেলসি।

আগামী ১৬ মে একই ভেন্যুতে শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে।

ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ পাঁচ ম্যাচে হারা চেলসি এই ম্যাচগুলোয় একটিও গোল করতে পারেনি। দলের এমন বাজে পারফরম্যান্সের দায়ে গত বুধবার বরখাস্ত হন কোচ লিয়াম রোজেনিয়র।

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লিডসের বিপক্ষে এদিন আবার ডাগআউটে দাঁড়ান ক‍্যালাম ম‍্যাকফার্লেইন। ম্যাচের ২৩তম মিনিটে পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতোর ক্রসে হেডে গোলটি করেন ফের্নান্দেস।

প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে থাকা চেলসি শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে বেশ আগেই। চ্যাম্পিয়নস লিগ থেকে তারা বিদায় নেয় শেষ ষোলো থেকে।

অন্যদিকে গত শনিবার সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চতুর্থবার এফএ কাপের ফাইনালে ওঠে সিটি। ২০২৩ সালে সবশেষ এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল পেপ গুয়ার্দিওলার দল।

মন্তব্য করুন: