বিশ্বকাপ স্বপ্ন শেষ নেদারল্যান্ডসের সিমন্সের

২৭ এপ্রিল ২০২৬

বিশ্বকাপ স্বপ্ন শেষ নেদারল্যান্ডসের সিমন্সের

টটনাম হটস্পারের হয়ে খেলার সময় পাওয়া চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে শাভি সিমন্সের। চোট থেকে সেরে উঠতে ডান হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে নেদারল্যান্ডসের এই মিডফিল্ডারের।

প্রিমিয়ার লিগে গত শনিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে টটনামের ১-০ গোলে জয়ের ম্যাচের ৬৩তম মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সিমন্স।

সোমবার এক বিবৃতিতে তার ডান হাঁটুর এসিএলে চোটের বিষয়টি নিশ্চিত করে টটনাম। অস্ত্রোপচারের পর ক্লাবটির মেডিকেল টিমের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন সিমন্স।

এর আগে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টে চলতি মৌসুম থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে যাওয়ার কথা জানান ২৩ বছর বয়সী এই ডাচ মিডফিল্ডার।

আমার মৌসুমের আকস্মিক সমাপ্তি ঘটেছে এবং আমি কেবল এটি সামলে নেওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে, আমি মর্মাহত... আমি যা চেয়েছিলাম তা হলো আমার দলের জন্য লড়াই করা এবং এখন সেই লড়াই করার ক্ষমতা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে... সঙ্গে বিশ্বকাপও। এই গ্রীষ্মে আমার দেশের প্রতিনিধিত্ব করা... কেবল শেষ হয়ে গেল।

২০২২ সালে বিশ্বকাপে অভিষেকের পর আসন্ন বিশ্বকাপটি হতে পারত সিমন্সের দ্বিতীয় টুর্নামেন্ট। নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোমানের স্কোয়াডে তিনি একজন অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছিলেন। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলা এই ফুটবলার গত মার্চের প্রীতি ম্যাচেও অংশ নিয়েছিলেন।

সিমন্সের এই চোট টটনামের জন্যও একটি বড় ধাক্কা। প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শঙ্কায় আছে উত্তর লন্ডনের এই ক্লাবটি। বর্তমানে ৩৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার ১৮ নম্বরে আছে তারা।

মন্তব্য করুন: