চোটে মৌসুম শেষ হওয়ার শঙ্কায় এমবাপ্পে

২৭ এপ্রিল ২০২৬

চোটে মৌসুম শেষ হওয়ার শঙ্কায় এমবাপ্পে

ট্রফিহীন আরেকটি মৌসুম কাটাতে যাওয়া রিয়াল মাদ্রিদের জন্য দুশ্চিন্তার খবর হয়ে এসেছে কিলিয়ান এমবাপ্পের হ্যামস্ট্রিংয়ের চোট। তবে ফরাসি এই তারকা কতদিন মাঠের বাইরে থাকবেন সে ব্যাপারে ক্লাবের তরফ থেকে কিছু না জানানো হলেও ধারনা করা হচ্ছে, মৌসুমের বাকি অংশ মাঠের বাইরে থাকতে পারেন তিনি।

পরীক্ষা-নিরীক্ষার পর সোমবার এক বিবৃতিতে এমবাপ্পের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের বিষয়টি জানায় রিয়াল।

গত শুক্রবার লা লিগায় রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যাচের ৮১তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে।

স্প্যানিশ গণমাধ্যমের মতে, ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে রিয়ালের জার্সিতে মৌসুমের বাকি অংশে আর না-ও দেখা যেতে পারে

চলতি মৌসুমে লিগে ২৮ ম্যাচে ২৪ গোল করা এমবাপ্পে কেবল রিয়ালের জন্যই নয়, আসন্ন বিশ্বকাপে ফ্রান্স দলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট শুরুর দেড় মাস আগে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অধিনায়কের এই চোট দলের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দিদিয়ের দেশমের দল।

এদিন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওয়ের অস্ত্রোপচার করানোর বিষয়টিও নিশ্চিত করে মাদ্রিদের ক্লাবটি। গত মঙ্গলবার আলাভেসের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচের বিরতির আগে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার কবে নাগাদ মাঠে ফিরবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া রিয়াল ইতোমধ্যে লা লিগার শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেছে। তাদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা।

মন্তব্য করুন: