আর্সেনালের মাঠে আলভারেসকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আতলেতিকো

৩০ এপ্রিল ২০২৬

আর্সেনালের মাঠে আলভারেসকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আতলেতিকো

আর্সেনালের বিপক্ষে ড্র হওয়া চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন হুলিয়ান আলভারেস। তবে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে নিয়ে খুব একটা চিন্তিত নন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। তার প্রত্যাশা, আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া ফিরতি লেগের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি।

বুধবার মেত্রোপলিতানোয় প্রথম লেগের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। পেনাল্টি থেকে ৫৬তম মিনিটে আতলেতিকোকে সমতায় ফেরান আলভারেস।

চলতি আসরে এটি ছিল তার দশম গোল। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের এক আসরে আতলেতিকোর প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি গোল করার রেকর্ড গড়েন এই আর্জেন্টাইন তারকা।

তবে ম্যাচের পুরো সময় মাঠে থাকতে পারেননি আলভারেস। ৭৭তম মিনিটে আর্সেনালের এবারচি ইজের সঙ্গে এক সংঘর্ষে আঘাত পাওয়ার পর তাকে তুলে নেন আতলেতিকো কোচ।

ম্যাচ শেষে আলভারেসের অবস্থা জানিয়ে সিমিওনে বলেন, “তার কী হয়েছে তা দেখার জন্য সে একটি পরীক্ষার মধ্য দিয়ে যাবে। আমরা আশা করছি, এটি খুব বেশি কিছু নয়। আমি সবসময় আশাবাদী।

শুধু আলভারেসই নয়, উইঙ্গার জুলিয়ানো সিমিওনেও প্রথমার্ধে চোট পেয়ে বিরতির পর আর মাঠে নামেননি। অন্যদিকে আলেক্সন্দার সরলথ ওয়ার্ম-আপের সময় পেশিতে অস্বস্তি বোধ করায় ম্যাচে অংশ নিতে পারেননি। তবে তাদের সবাইকে আগামী মঙ্গলবার ফিরতি লেগে পাওয়ার ব্যাপারে নিশ্চিত থাকার কথা জানান আতলেতিকো কোচ।

খেলোয়াড়দের আমি যেমনটা জানি, তারা সবাই মঙ্গলবার (লন্ডনে) সেখানে থাকবে। জুলিয়ানো তার আঘাত নিয়ে, হুলিয়ান তার যে সমস্যাটি ছিল তা নিয়ে। আর সরলথ সম্পর্কে বলছি, তার পেশিতে টান লেগেছে। আমার কোনো সন্দেহ নেই যে মঙ্গলবার তারা সেখানে থাকবে।"

লা লিগায় শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়া আতলেতিকো কোপা দেল রের ফাইনালে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে গেছে। ফলে চলতি মৌসুমে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা আছে কেবল চ্যাম্পিয়নস লিগে। তবে ঘরের মাঠে আর্সেনালকে হারাতে না পারায় আক্ষেপ ঝরেছে সিমিওনের কণ্ঠে।

আমরা সেই গোলটি পাইনি যা আমাদের এগিয়ে রাখত। লন্ডনে আমাদের সামনে একটি অসাধারণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

মন্তব্য করুন: