বায়ার্নের মাঠে হাকিমিকে পাচ্ছে না পিএসজি

৩০ এপ্রিল ২০২৬

বায়ার্নের মাঠে হাকিমিকে পাচ্ছে না পিএসজি

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে রোমাঞ্চকর জয়ের মাঝে দুঃসংবাদ পেয়েছে পিএসজি। চোটের কারণে ফিরতি লেগে দলের রক্ষণভাগের অন্যতম সদস্য আশরাফ হাকিমিকে পাবে না ফরাসি চ্যাম্পিয়নরা। আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মরক্কোর এই ডিফেন্ডারকে।

গত মঙ্গলবার প্যারিসে বায়ার্নের বিপক্ষে ৫-৪ গোলে জয় পাওয়া ম্যাচের শেষ দিকে চোট পান হাকিমি। বায়ার্নের কনরাড লাইমারের সঙ্গে এক সংঘর্ষের পর ডান পায়ের ঊরু চেপে ধরেন তিনি। সে সময় পিএসজির আর কোনো খেলোয়াড় পরিবর্তনের সুযোগ না থাকায় ওভাবেই ম্যাচের বাকি অংশ শেষ করেন ম্যাচে একটি অ্যাসিস্ট করা এই ডিফেন্ডার।

২৭ বছর বয়সী এই ফুটবলারের চোট নিয়ে বুধবার এক বিবৃতিতে পিএসজির তরফ থেকে বলা হয়, “বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ চলার সময় ডান ঊরুতে চোট পাওয়ার কারণে আশরাফ হাকিমি আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।

আগামী বুধবার মিউনিখে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। বায়ার্নকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে আগামী ৩০ মে টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিযানে নামবে পিএসজি।

গত বছর ব্যালন ডিঅর র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে থাকা হাকিমি আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে মরক্কো জাতীয় দলেরও অন্যতম প্রধান খেলোয়াড়। ২০২২ বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট দলটি বাংলাদেশ সময় আগামী ১৪ জুন ভোর ৪টায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে।

মন্তব্য করুন: