যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি
১ মে ২০২৬
২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রে ইরান তাদের ম্যাচগুলো খেলবে বলে দাবি করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ইরানের প্রতিনিধি দলের অনুপস্থিতিতে শুরু হওয়া ফিফা কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার ভ্যাংকুভারে কংগ্রেসের শুরুতে ইনফান্তিনো বলেন, “অবশ্যই ইরান ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে। এবং অবশ্যই ইরান যুক্তরাষ্ট্রে খেলবে। এর কারণ খুব সহজ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এটি আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব।”
টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাওয়া হলে তিনি ইতিবাচক সাড়া দিয়ে বলেন, “ঠিক আছে, যদি জিয়ান্নি এটা বলে থাকে তবে আমি রাজি। জিয়ান্নি কি এটা বলেছে?... আপনি জানেন কি? তাদের খেলতে দিন। জিয়ান্নি চমৎকার, সে আমার একজন বন্ধু। সে এটি নিয়ে কথা বলেছে। আমি বলেছি তুমি যা চাও তা-ই করো।”
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা ইরান গত বছর মার্চে অর্জন করে। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাহিনীর যৌথ সামরিক হামলার পর থেকে টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে দেশটির ম্যাচগুলো সরিয়ে বিকল্প ভেন্যুতে নেওয়ার অনুরোধ জানিয়েছিল তেহরান। কিন্তু তা প্রত্যাখ্যান করে দেওয়া ফিফা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজনের ব্যাপারে অনড় অবস্থানে আছে।
চলমান ফিফা কংগ্রেসে অংশ নেওয়ার কথা ছিল ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজসহ অন্য কর্মকর্তাদের। কিন্তু তারা টরন্টো বিমানবন্দর থেকে ফিরে যেতে বাধ্য হন। তেহরানের অভিযোগ, বৈধ ভিসা থাকা সত্ত্বেও কানাডার অভিবাসন কর্তৃপক্ষ তাদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ করেছে।
এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রতিনিধি দলের একজন সদস্যকে প্রবেশাধিকার না দেওয়ায় বাকি দুইজনও কংগ্রেসে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন।
তাজ এক সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্য ছিলেন। এই সংগঠনকে কানাডা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
গত ফেব্রুয়ারিতে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিফার এজেন্ডায় ইরানের অংশগ্রহণ সবচেয়ে সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে।
বাংলাদেশ সময় আগামী ১৬ জুন সকালে লস অ্যাঞ্জেলেসে ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ইরান। বেলজিয়ামের বিপক্ষে তাদের পরের ম্যাচটিও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মিশরের বিপক্ষে গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচটি হবে সিয়াটলে।















মন্তব্য করুন: