বিশ্বকাপ টিকিটের জন্য এখন পর্যন্ত ৫০ কোটি আবেদন

বিশ্বকাপ টিকিটের জন্য এখন পর্যন্ত ৫০ কোটি আবেদন

আসন্ন বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে চলমান সমালোচনার মাঝেই ফিফা সভাপতি জানিয়েছেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরের টিকিটের জন্য ইতোমধ্যে গত দুই বিশ্বকাপের চেয়ে ১০ গুণ বেশি আবেদন পড়েছে।

বৃহস্পতিবার ভ্যাংকুভারে ৭৬তম ফিফা কংগ্রেসে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “আপনারা শুনেছেন, বিশ্বকাপের টিকিট নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের কাছে ৫০ কোটি টিকিটের অনুরোধ এসেছে। গত দুটি বিশ্বকাপ মিলিয়ে আমাদের কাছে ৫ কোটি টিকিটের অনুরোধ এসেছিল। এখানে, ৫০ কোটি।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে বসবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। মোট ম্যাচ হবে ১০৪টি।

এখন পর্যন্ত বাজারে ছাড়া টিকিটের সিংহভাগই বিক্রি হয়ে গেছে বলে জানান ইনফান্তিনো। বিশ্বকাপের টিকিটের দাম এবং স্থানীয় ভক্তদের ক্রয়ক্ষমতা নিয়ে তৈরি হওয়া উদ্বেগ নিয়ে তিনি বলেন, “দামি টিকিট আছে, হ্যাঁ, কিন্তু সেখানে সাশ্রয়ী মূল্যের টিকিটও রয়েছে।

ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি ধাপে ধাপে টিকিট ছাড়ার কৌশল নিয়েছে। মূলত টিকিটের বিশাল চাহিদা নিয়ন্ত্রণ এবং ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ হতে যাওয়া এবারের আসর থেকে সর্বোচ্চ আয় নিশ্চিত করতেই এই পরিকল্পনা করা হয়েছে।

মন্তব্য করুন: