লিভারপুলের জার্সিতে আরও ম্যাচ খেলার সম্ভাবনা সালাহর

লিভারপুলের জার্সিতে আরও ম্যাচ খেলার সম্ভাবনা সালাহর

পেশির চোটে থাকা মোহাম্মদ সালাহকে নিয়ে সুখবর দিয়েছেন আর্নে স্লট। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আসছে ম্যাচে মিশরীয় এই তারকা খেলতে না পারলেও মৌসুম শেষের আগে অলরেডদের হয়ে তিনি মাঠে ফিরতে পারবেন বলে প্রত্যাশা করছেন লিভারপুল কোচ।

গত শনিবার অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দলের ৩-১ গোলে জয়ের ম্যাচের ৬০তম মিনিটে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন সালাহ।

পরে মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান জানান, চোটের কারণে চলতি মৌসুমে লিভারপুলের হয়ে আর মাঠে নামতে পারবেন না সালাহ। ফলে সেই ম্যাচটিকেই অলরেডদের জার্সিতে ৩৩ বছর বয়সী এই তারকার শেষ ম্যাচ ধরে নেওয়া হয়েছিল। কারণ গত মাসে চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

তবে গত বুধবার লিভারপুল জানায়, সালাহর চোট ততোটা গুরুতর নয় যতোটা ধারণা করা হচ্ছিল এবং মৌসুম শেষ হওয়ার আগেই আবার মাঠে ফিরতে পারেন তিনি। এবার এই সম্ভাবনা আরও জোরালো করলেন স্লট।

আগামী রোববার প্রিমিয়ার লিগে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। তবে দুই দিন আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এই ম্যাচে সালাহর না খেলার বিষয়টি নিশ্চিত করেন স্লট।

মোর (সালাহ) ব্যাপারে আমরা যা জানি, সে যখন ফিট থাকে তখন অবিশ্বাস্যমাত্রায় কঠোর পরিশ্রম করে। আবার যখন চোটে পরে তখনও দ্রুত ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে।"

আমরা আশা করি, মৌসুমের একদম শেষভাগে সে মাঠে ফিরবে, তবে রোববার নয় (ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে)।

বিশ্বকাপ শুরু হতে আর সাত সপ্তাহের মতো বাকি আছে। এর আগে সালাহর মাঠে ফেরাটা লিভারপুল ছাড়া মিশরের জন্যও স্বস্তির। 

সবদিক থেকেই বড় স্বস্তিদায়ক যে, তার চোট গুরুতর কিছু নয়। ফলে সে আমাদের জন্য ও বিশ্বকাপেও খেলতে পারবে। যদি এমন কোনো খেলোয়াড় থেকে থাকে যার বিদায়টা বিশেষভাবে হওয়া উচিত, তাহলে সেটা অবশ্যই মো (সালাহ)।

প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযানে মৌসুম শুরু করা লিভারপুল মাঝে খেই হারিয়ে ফেলেছিল। তবে টানা তিন জয়ে ইউনাইটেডের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে স্লটের দল। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করার জন্য দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।

এই ম্যাচের পর লিগে আরও তিনটি ম্যাচ খেলবে লিভারপুল।

৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে লিভারপুল। তাদের সমান ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে অ্যাস্টন ভিলা।

এবারের প্রিমিয়ার লিগের প্রথম পাঁচটি দল আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলবে।

মন্তব্য করুন: