ব্যক্তিগত শোক সামলে বার্সাকে ২৯তম লিগ জেতালেন ফ্লিক
১১ মে ২০২৬
বাবা হারানোর শোককে পাশে ঠেলে ডাগআউটে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনারকে তাদের ২৯তম লা লিগা শিরোপা জিতিয়েছেন কোচ হানসি ফ্লিক। শিরোপা নিশ্চিতের পর সমর্থক ও শিষ্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
রোববার কাম্প নউয়ে রিয়ালকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বার্সেলোনা।
এদিন ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বাবা হারানোর দুঃসংবাদ পান ফ্লিক। তবে এরপরও বার্সেলোনার ডাগআউটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই জার্মান কোচ। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিটের নীরবতা পালন করা হয়। সম্প্রচারিত ছবিতে কান্নাভেজা চোখে ফ্লিককে দেখা যায়। এ সময় তার টেকনিক্যাল স্টাফ ও খেলোয়াড়রা তাকে সান্ত্বনা দেন।
মাঠের লড়াইয়ে শুরু থেকেই রিয়ালের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। নবম মিনিটে ফ্রি-কিক থেকে স্বাগতিকদের এগিয়ে দেন মার্কাস র্যাশফোর্ড। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তোরেস।
এই জয়ে তিন রাউন্ড হাতে রেখে ৩৫ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।
শিরোপা উদযাপনের সময় আবেগাপ্লুত ফ্লিক বলেন, “এটি একটি কঠিন ম্যাচ ছিল এবং আমি এই দিনটি কখনোই ভুলব না। আমি স্কোয়াড এবং আমাদের সমর্থন করা সমস্ত মানুষকে ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি এইরকম একটি ভালো দল পেয়ে খুব গর্বিত। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।”
মিতভাষী হিসেবে পরিচিত ফ্লিক আরেকটি ক্লাসিকো জয় নিয়ে বলেন, “প্রতিটি ম্যাচে লড়াই করার এই দৃঢ় সংকল্পের জন্য আপনাদের ধন্যবাদ। আমি সত্যিই এটির প্রশংসা করি। আমার দলটি চমৎকার এবং আমি অত্যন্ত আনন্দিত। সমর্থকদের সঙ্গে এখানে থেকে একটি ক্লাসিকো ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানোটা রোমাঞ্চকর। এখন আমি মনে করি আমাদের উদযাপন করা দরকার।”















মন্তব্য করুন: