সমর্থকদের ক্ষোভ বুঝতে পারছে শিরোপাহীন মৌসুম কাটানো রিয়াল

সমর্থকদের ক্ষোভ বুঝতে পারছে শিরোপাহীন মৌসুম কাটানো রিয়াল

লা লিগায় বার্সেলোনার কাছে হেরে শিরোপাহীন আরেকটি মৌসুম কাটানো নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদের। বিবর্ণ পারফরম্যান্সে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের পর কোনো অজুহাত দেখাননি দলের কোচ আলভারো আরবেলোয়া। জানিয়েছেন, ক্লাবের প্রতিটি সদস্য ভক্তদের প্রচণ্ড ক্ষোভ এবং হতাশা বুঝতে পারছে।

রোববার কাম্প নউয়ে বার্সেলোনার কাছে ২-০ গোলে হারে রিয়াল। এই জয়ে তিন রাউন্ড হাতে রেখেই ২৯তম শিরোপা নিশ্চিত হয় হানসি ফ্লিকের দলের।

এবারের মৌসুমটা রিয়ালের জন্য ছিল হতাশায় ভরা। মাঝপথে শাবি আলোনসোকে বরখাস্ত করা হলেও আরবেলোয়ার অধীনেও দলের পতন থামানো যায়নি। শেষ পর্যন্ত একটি শিরোপাহীন মৌসুম কাটাতে হচ্ছে লস ব্ল্যাঙ্কোসদের।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সমর্থকদের উদ্দেশ্যে আরবেলোয়া বলেন, “আমাদের আসলে বলার মতো তেমন কিছু নেই। আমরা তাদের হতাশা এবং এই মৌসুম নিয়ে তাদের অসন্তুষ্টি বুঝতে পারছি। আমরা এখন কেবল কঠোর পরিশ্রম করতে পারি এবং ভবিষ্যতের দিকে তাকাতে পারি। এই বছর আমরা যা যা ভুল করেছি তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

রিয়াল মাদ্রিদ সবসময়ই ঘুরে দাঁড়ায়। আমরা অনেকবার পড়ে গিয়েছি এবং বারবার উঠে দাঁড়িয়েছি। কিন্তু আমি একজন রিয়াল মাদ্রিদ ভক্তের মনের রাগ বুঝতে পারছি। পরিস্থিতি বদলে দিতে আমাদের কাজ করতে হবে।

রিয়ালের এই মৌসুমটি কেবল মাঠের পারফরম্যান্সেই নয়, বরং মাঠের বাইরের বিতর্কেও জর্জরিত ছিল। গত বৃহস্পতিবার ড্রেসিংরুমে সতীর্থ অরলিয়েঁ চুয়ামেনির সঙ্গে হাতাহাতির পর অধিনায়ক ফেদেরিকো ভালভের্দেকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল।

শিরোপা দৌড় শেষ হয়ে গেলেও বাকি তিন ম্যাচে খেলোয়াড়দের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে রিয়াল কোচ বলেন, “মৌসুম শেষ হয়ে গেছে জেনে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমরা নিজেদের ছোট করতে পারি না। আমাদের রিয়াল মাদ্রিদের ব্যাজের মর্যাদা রক্ষা করতে হবে এবং বাকি তিনটি ম্যাচেই জয় ছিনিয়ে আনতে হবে।

দল পুনর্গঠনের প্রয়োজন আছে কি না – এমন প্রশ্নের জবাবে আরবেলোয়া বর্তমান খেলোয়াড়দের ওপরই আস্থা রাখার কথা জানান। তিনি মনে করেন, গত কয়েক মাসের চোট সমস্যা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে এই স্কোয়াড দিয়েই সাফল্য পাওয়া সম্ভব ছিল। এছাড়া নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি জানান, মৌসুম শেষ করার পর ক্লাবের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে।

মন্তব্য করুন: