শিরোপার আরও কাছে গিয়ে রেফারির সাহসী সিদ্ধান্তের প্রশংসায় আর্সেনাল কোচ
১১ মে ২০২৬
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে নাটকীয় জয়ে প্রিমিয়ার লিগ শিরোপার আরও কাছে পৌঁছে গেছে আর্সেনাল। ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষের সমতাসূচক গোলটি ভিএআর পর্যালোচনার পর বাতিলের সিদ্ধান্ত দেওয়ায় ম্যাচ রেফারির সাহসের প্রশংসা করেছেন দলটির কোচ মিকেল আর্তেতা।
রোববার ওয়েস্ট হ্যামের মাঠে ১-০ গোলের জয় পায় আর্সেনাল। ম্যাচের ৮৩তম মিনিটে দলকে এগিয়ে দেন লিয়ান্দ্রো ত্রোসার্দ। গত ডিসেম্বরের পর এদিন গার্নারদের হয়ে প্রথম গোলের দেখা পান বেলজিয়ান এই ফরোয়ার্ড।
ম্যাচের নাটকীয় মোড় আসে একদম শেষ পর্যায়ে, যখন ওয়েস্ট হ্যাম একটি কর্নার পায়। কর্নার থেকে আসা বলটি গোলরক্ষক দাভিদ রায়া ক্লিয়ার করতে গেলে ওয়েস্ট হ্যামের বদলি খেলোয়াড় পাবলোর বাধার মুখে পড়েন। সেই সুযোগে ক্যালাম উইলসন বল জালে জাড়িয়ে ঘরের স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান। তবে প্রায় তিন মিনিট ভিএআর পরীক্ষার পর রেফারি মনিটরে রিপ্লে দেখেন এবং রায়াকে বাধা দেওয়ার অপরাধে গোলটি বাতিল করেন।
এই জয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করে আর্সেনাল। ৩৬ ম্যাচে আর্তেতার দলের পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৭৪।
ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তের প্রশংসা করে আর্তেতা বলেন, “রেফারি এবং ভিএআর আজ যে সাহস দেখিয়েছেন এবং পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিয়েছেন, তা প্রশংসনীয়। আমার মনে হয় কেউ দ্বিমত পোষণ করবে না যে এটি একটি পরিষ্কার ফাউল ছিল। দাভিদের হাতে প্রায় বলটি চলে এসেছিল। কিন্তু তারা তাকে সেটি করতে দেয়নি এবং গোল করার সুবিধা নিয়েছে।”
“এটি একটি স্পষ্ট ভুল ছিল। এটি একটি ফ্রি কিক ছিল এবং গোলটি বাতিল করা সঠিক সিদ্ধান্ত। আজ আমি বুঝতে পেরেছি রেফারির কাজ কতটা কঠিন এবং বড়।”
অন্যদিকে হারের পর ওয়েস্ট হ্যামের কোচ নুনো এসপিরিতো সান্তো কর্নার কিক থেকে হওয়া ফাউলগুলোর ক্ষেত্রে অস্পষ্টতা এবং ভিএআর সিদ্ধান্তের ধারাবাহিকতাহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
আগামী বুধবার সিটি যদি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পয়েন্ট হারায়, তবে আগামী সপ্তাহে অবনমন নিশ্চিত হওয়া বার্নলিকে হারিয়ে ২২ বছর পর লিগ শিরোপা নিশ্চিত করতে পারে আর্সেনাল।
এ প্রসঙ্গে আর্তেতা বলেন, “এখন যেটা গুরুত্বপূর্ণ তা হলো বর্তমানে থাকা। আজ আমরা তা করেছি। আরও দুটি ম্যাচ আছে। আমাদের এখন একমাত্র লক্ষ্য হলো বার্নলি।”















মন্তব্য করুন: