বিশ্বকাপের ১ মাস আগে দায়িত্ব ছাড়লেন কুরাসাওয়ের কোচ

বিশ্বকাপের ১ মাস আগে দায়িত্ব ছাড়লেন কুরাসাওয়ের কোচ

বিশ্বকাপ শুরুর এক মাস আগে ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে টুর্নামেন্ট জায়গা করে নেওয়া কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ফ্রেড রুটেন। ধারণা করা হচ্ছে, দলটিকে বিশ্বকাপে ওঠানো সাবেক কোচ ডিক আডভোকাট পুনরায় দায়িত্বে ফিরতে চলেছেন।

সোমবার এক বিবৃতিতে রুটেনের পদত্যাগের বিষয়টি জানায় কুরাসাও ফুটবল ফেডারেশন (এফএফকে)

রুটেনের এই প্রস্থান কুরাসাও ফুটবল ফেডারেশনের জন্য একটি বড় ইউ-টার্ন হিসেবে দেখা হচ্ছে। কারণ গত শুক্রবারও খেলোয়াড় এবং পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে আডভোকাটকে পুনরায় নিয়োগ দেওয়ার দাবি উঠলেও ফেডারেশন তা সরাসরি প্রত্যাখ্যান করেছিল।

বিবৃতিতে জানানো হয়, ফেডারেশন সভাপতি গিলবার্ট মার্টিনার সঙ্গেখোলামেলা গঠনমূলক আলোচনার পর রুটেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি দলের পেশাদার পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত নভেম্বরে ৭৮ বছর বয়সী আডভোকাটের অধীনে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তবে গত ফেব্রুয়ারিতে মেয়ের অসুস্থতার কারণে তিনি কোচের পদ থেকে সরে দাঁড়ান এবং রুটেন তার স্থলাভিষিক্ত হন।

সোমবার ডাচ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আডভোকাট এখন আবারও ডাগআউটে ফিরতে আগ্রহী। যদি তিনি বিশ্বকাপে দল পরিচালনা করতে আসেন, তবে তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ। ড্রেসিংরুমের সিংহভাগ খেলোয়াড়ও তাকে ফেরানোর পক্ষে বলে জানা গেছে।

আগামী ১৪ জুন হিউস্টনে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কুরাসাও। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ একুয়েডর কোত দ্য ভোয়া।

মন্তব্য করুন: