বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এস্তেভাও, ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমার

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এস্তেভাও, ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমার

ব্রাজিল ভক্তদের জন্য একই সঙ্গে দুঃসংবাদ এবং আশার খবর নিয়ে এসেছে কার্লো আনচেলত্তির বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের প্রাথমিক দল। চোটের কারণে আগামী জুনে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তেভাও। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বর্ধিত এই স্কোয়াডে ডাক পেয়েছেন অভিজ্ঞ নেইমার।

সোমবার ফিফার কাছে জমা দেওয়া ৫৫ সদস্যের এই প্রাথমিক তালিকার বিষয়টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএন। এই তালিকা সাধারণত প্রকাশ করা হয় না, তবে চূড়ান্ত ২৬ সদস্যের দল এই তালিকা থেকেই বেছে নিতে হয়।

চেলসির হয়ে দুর্দান্ত ছন্দে থাকা এস্তেভাওয়ের বিশ্বকাপ খেলা নিয়ে গত ১৮ এপ্রিল থেকেই শঙ্কা তৈরি হয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে তিনি ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান।

সূত্র মতে, শুরুতে ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন বলে ধারণা হচ্ছিল। কিন্তু চেলসি ও ব্রাজিল জাতীয় দলের মেডিকেল টিমের দীর্ঘ পর্যবেক্ষণের পর জানানো হয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে তিনি শতভাগ ফিট হতে পারবেন – এমন কোনো নিশ্চয়তা নেই।

অন্যদিকে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলার লক্ষ্যে বড় একটি ধাপ পার করলেন নেইমার। গত জুনে আনচেলত্তি সেলেসাওদের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো দলেই জায়গা পাননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে ২০২৩ সালের অক্টোবরে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলা ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে বিশ্বকাপের প্রাথমিক দলের তালিকায় রাখা হয়েছে বলে জানায় সূত্র।

গত গ্রীষ্মে পালমেইরাস থেকে ৩ কোটি ৮০ লাখ ডলারে চেলসিতে যোগ দেওয়ার পর দলটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩৬ ম্যাচে ৮টি গোল করেছেন এস্তেভাও। তিনি ছাড়াও আনচেলত্তির পছন্দের তালিকায় থাকা আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারবেন না। তারা হলেন, রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের তারকা এদের মিলিতাও এবং আক্রমণভাগের তারকা রদ্রিগো।

মন্তব্য করুন: