নেইমারের ফিটনেসে উন্নতি দেখছেন আনচেলত্তি, তবে বিবেচনায় নেবেন পারফরম্যান্সও

নেইমারের ফিটনেসে উন্নতি দেখছেন আনচেলত্তি, তবে বিবেচনায় নেবেন পারফরম্যান্সও

আগামী সোমবার ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। এমন সময় রিও দে জেনিরোর বাতাসে এখন একটিই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছেএই দলে নেইমার কি থাকছেন? তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের কথায় আশার আলো দেখতেই পারেন ভক্ত-সমর্থকরা।

দীর্ঘদিনের চোট এবং সান্তোসে ফেরার পর আশানুরূপ পারফরম্যান্স না থাকা সত্ত্বেও, ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক দলে রেখেছেন আনচেলত্তি।

মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নেইমার প্রসঙ্গে এই ইতালিয়ান কোচ জানান, আবেগ এবং পেশাদার ফিটনেসের মধ্যে ভারসাম্য বজায় রাখাটাই এখন তার প্রধান কাজ। রিওতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে তিনি এই পরিস্থিতির কথা তুলে ধরেন।

যখন আপনাকে বেছে নিতে হয়, তখন অনেক কিছু বিবেচনা করতে হয়। নেইমার এই দেশের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কারণ সে সবসময় তার প্রতিভা দেখিয়েছেন। কিন্তু তার কিছু সমস্যা ছিল এবং সে পুনরুদ্ধারের জন্য কঠোর পরিশ্রম করছে। ইদানীং সে অনেক উন্নতি করেছে এবং নিয়মিত খেলছে। তবে এটি আমার জন্য সহজ কোনো সিদ্ধান্ত নয়। আমাদের ভালো-মন্দ দিকগুলো সাবধানে মেপে দেখতে হবে।

ইউরোপের শীর্ষ পাঁচটি লিগেই শিরোপাজয়ী একমাত্র কোচ আনচেলত্তি ভালো করেই জানেন নেইমারকে নিয়ে যে কোনো সিদ্ধান্ত বিতর্কের ঊর্ধ্বে থাকবে না। সতীর্থরা প্রকাশ্যেই নেইমারকে দলে নেওয়ার জন্য দাবি জানালেও, সমর্থকরা দ্বিধাবিভক্ত। অনেকে মনে করেন, নেইমারের বর্তমান শারীরিক অবস্থা আনচেলত্তির আক্রমণাত্মক এবং উচ্চ-তীব্রতার ফুটবল কৌশলের সাথে তাল মেলাতে পারবে না।

আনচেলত্তি বলেন, “আমি ভালো করেই জানি নেইমার শুধু দর্শকদের কাছে নয়, খেলোয়াড়দের কাছেও খুব প্রিয়। এটিও একটি বড় ফ্যাক্টর, কারণ নেইমারের ডাক পাওয়ার পেছনে যে পরিবেশ তৈরি হবে তা আমাদের বিবেচনা করতে হবে।

আমার কাছে এটা স্বাভাবিক মনে হয় যে খেলোয়াড়রা তাদের মতামত দিচ্ছে। আমি সবার পরামর্শের জন্য কৃতজ্ঞ। তবে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যক্তিটি হলাম আমি নিজেই।

নেইমারের ফিটনেস সম্পর্কে জানতে চাওয়া হলে ৬৬ বছর বয়সী এই কোচ কিছুটা আশার বাণী শোনান। আনচেলত্তির মতে, সাম্প্রতিক ম্যাচগুলোতে নেইমার উচ্চ-তীব্রতা বজায় রাখতে পারছেন এবং তার ফিটনেস আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। তবে চূড়ান্ত স্কোয়াড তৈরির ক্ষেত্রে তিনি কোনো চাপের মুখে নেই বলে নিশ্চিত করেন।

তিনি বলেন, “নেইমারকে দলে ডাকতে আমাকে কেউ চাপ দেয়নি। বিষয়ে আমার পূর্ণ স্বাধীনতা আছে। সিদ্ধান্তটি শতভাগ পেশাদার ভিত্তিতেই নেওয়া হবে। আমি শুধু একজন ফুটবলার হিসেবে তার পারফরম্যান্সই বিবেচনায় নেব। অন্য কিছু নয়।

মন্তব্য করুন: