ভিএআর টস করার মতোই: গুয়ার্দিওলা

ভিএআর টস করার মতোই: গুয়ার্দিওলা

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিস্টেমকে একটি মুদ্রা নিক্ষেপ করে টস করার সঙ্গে তুলনা করেছেন পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটির কোচ তাই মনে করছেন, তার দলকে এতটাই ভালো খেলতে হবে যাতে রেফারির কোনো ভুল সিদ্ধান্ত ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলতে না পারে।

গত রোববার প্রিমিয়ার লিগে তালিকার শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে ওয়েস্ট হ্যামের ম্যাচের একটি গোল বাতিলের পর ভিএআর প্রযুক্তি আবারও সমালোচনার মুখে পড়েছে। ম্যাচের অন্তিম মুহূর্তে ওয়েস্ট হ্যামের একটি গোল বাতিলের সিদ্ধান্ত শিরোপা দৌড়ের চিত্র বদলে দিয়েছে বলে অনেকেই মনে করছেন।

শিরোপা লড়াইয়ে টিকে থাকতে বুধবার ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, “আমরা কেবল একটি কাজই করতে পারি, আর তা হলো আরও ভালো পারফর্ম করা। এটিই একমাত্র আমাদের নিয়ন্ত্রণে আছে।

রেফারি ও ভিএআরের কারণে এফএ কাপের দুটি শিরোপা হারানোর কথা দাবি করে সিটি কোচ বলেন, “আমরা এর আগে দুটি এফএ কাপ ফাইনাল হেরেছি কারণ রেফারিরা তাদের কাজ ঠিকমতো করেননি, এমনকি ভিএআরও ব্যর্থ হয়েছিল। যখন এমন কিছু ঘটে, তখন আমি মনে করি আমাদের আরও ভালো করতে হবে; রেফারি বা ভিএআর-কে দোষ দেওয়া সমাধান নয়।

গুয়ার্দিওলা জানান, সিটিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি শিখেছেন কারো ওপর ভরসা করা যাবে না। তার মতে, নিজেদের এমন উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে ভুল সিদ্ধান্তের কোনো জায়গা নেই।

আমি অনেক আগেই শিখেছি যে আপনাকে আরও ভালো হতে হবে কারণ ভিএআর আসলে মুদ্রা নিক্ষেপের মতো।

৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে আছে এক ম্যাচ কম খেলা সিটি। প্যালেসের বিপক্ষে ম্যাচের পর লিগে তাদের শেষ দুই প্রতিপক্ষ বোর্নমাউথ ও অ্যাস্টন ভিলা।

মন্তব্য করুন: