বিশ্বকাপে তীব্র গরমের ঝুঁকি, সতর্ক করল গবেষণা
১৪ মে ২০২৬
২০২৬ বিশ্বকাপ ফুটবল চলার সময় খেলোয়াড় ও দর্শকদের জন্য বিপজ্জনক তাপমাত্রার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে এক গবেষণায় বলা হয়েছে। বিজ্ঞানীদের কাছ থেকে এই সতর্কতা আসার পর টুর্নামেন্ট চলার সময় উচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো।
জলবায়ুবিষয়ক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাজুড়ে অনুষ্ঠিতব্য ১০৪ ম্যাচের প্রায় এক-চতুর্থাংশ ফিফপ্রোর সুপারিশ করা নিরাপত্তা সীমার চেয়ে বেশি গরমে হতে পারে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্বকাপের তুলনায় এই ঝুঁকি প্রায় দ্বিগুণ।
গবেষকদের মতে, প্রায় পাঁচটি ম্যাচ এমন পরিস্থিতিতে হতে পারে, যেখানে নিরাপত্তার স্বার্থে খেলা স্থগিত করার পরামর্শ দেওয়া হতে পারে।
বিজ্ঞানীরা ম্যাচের শুরুর সময় এবং ‘ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার’ (ডব্লিউবিজিটি) সূচক ব্যবহার করে ঝুঁকি নির্ধারণ করেছেন। এই সূচক শরীর কতটা কার্যকরভাবে নিজেকে ঠান্ডা রাখতে পারে তা পরিমাপ করে।
ফিফপ্রোর মেডিকেল পরিচালক ভিনসেন্ট গুতেবার্গ বলেন, “২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলো উচ্চ ডব্লিউবিজিটি পরিস্থিতিতে হওয়ার সম্ভাবনা নিয়ে করা হিসাবগুলো ২০২৩ সালে প্রকাশিত ফিফপ্রোর হিসাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”
ডব্লিউবিজিটি ২৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে ফিফপ্রো ঠান্ডা রাখার বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়। আর এটি ২৮ ডিগ্রি ছাড়ালে ম্যাচ স্থগিত করার কথা বলে। এটি শুষ্ক অবস্থায় গরমে প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা উচ্চ আর্দ্রতায় প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের সমতুল্য।
ফিফা রয়টার্সকে জানিয়েছে, তারা তাপমাত্রাজনিত ঝুঁকি মোকাবিলায় পরিকল্পনা করেছে। এর মধ্যে আছে প্রতি অর্ধে তিন মিনিটের পানি বিরতি, দর্শক ও খেলোয়াড়দের জন্য কুলিং ব্যবস্থা, কাজ ও বিশ্রামের সময় সমন্বয় এবং পরিস্থিতি অনুযায়ী বাড়তি চিকিৎসা প্রস্তুতি।
এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, “ফিফা খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
ইম্পেরিয়াল কলেজ লন্ডন এনএইচএস ট্রাস্টের কনসালট্যান্ট অ্যানেসথেটিস্ট ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জ্যেষ্ঠ ক্লিনিক্যাল লেকচারার ক্রিস মুলিংটন বলেন, অতিরিক্ত গরম খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির চেয়ে ম্যাচের ধরনে বেশি প্রভাব ফেলতে পারে।
“এটি স্বাস্থ্যগত সমস্যার চেয়ে পারফরম্যান্সের বিষয় বেশি হবে। এই খেলোয়াড়রা এলিট অ্যাথলেট এবং গরমে মানিয়ে নিতে সক্ষম। খেলোয়াড়দের নিজেদের গতি নিয়ন্ত্রণ করতে দেখা যাবে। … ফলে আরও রক্ষণাত্মক ফুটবল দেখা যেতে পারে।”
বিশ্লেষণে বলা হয়েছে, ১৬টি ভেন্যুর মধ্যে তিনটিতে কুলিং ব্যবস্থা কিছুটা ঝুঁকি কমাতে পারে।
তবে যেসব ম্যাচে ডব্লিউবিজিটি ২৬ ডিগ্রি ছাড়ানোর অন্তত ১০ শতাংশ সম্ভাবনা রয়েছে, তার এক-তৃতীয়াংশের বেশি অনুষ্ঠিত হবে শীতাতপ নিয়ন্ত্রণবিহীন স্টেডিয়ামে। এর মধ্যে মায়ামি, কানসাস সিটি, নিউ ইয়র্ক ও ফিলাডেলফিয়ার স্টেডিয়াম রয়েছে।
বিশ্লেষণে বলা হয়েছে, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে ডব্লিউবিজিটি ২৬ ডিগ্রি ছাড়ানোর সম্ভাবনা আটভাগের এক ভাগ। আর আরও বিপজ্জনক মাত্রায় পৌঁছানোর ঝুঁকি প্রায় ৩ শতাংশ।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ুবিজ্ঞান অধ্যাপক ফ্রিডেরিকে অটো বলেন, এই গবেষণা ভবিষ্যৎ বিশ্বকাপের সময়সূচি পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে, বিশেষ করে যেসব অঞ্চলে গ্রীষ্মে অতিরিক্ত গরমের ঝুঁকি বেশি।
“স্বাস্থ্যগত দিক থেকে এসব বিশ্বকাপ বছরের একটু আগে বা পরে আয়োজন করা ভালো হবে, যাতে এটি পুরো শহরের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি না হয়ে সত্যিকারের ফুটবল উৎসব হতে পারে।”
ফিফপ্রো আরও সতর্ক করেছে, ডালাস ও হিউস্টনের মতো শহরের শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম খেলোয়াড়দের কিছুটা সুরক্ষা দিলেও ম্যাচ দেখতে আসা দর্শক এবং খোলা জায়গার ফ্যান ফেস্টিভ্যালে থাকা মানুষজন দীর্ঘ সময় বিপজ্জনক গরমের মধ্যে থাকতে পারেন।















মন্তব্য করুন: