২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি
১৫ মে ২০২৬
আরও চার বছরের জন্য ব্রাজিলের কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন কার্লো আনচেলত্তি। ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্বে থাকবেন ইতালিয়ান এই কোচ।
৬৬ বছর বয়সী আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ২০২৫ সালের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেন। বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রকাশিত এক ভিডিওতে তিনি নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার আসন্ন বিশ্বকাপের জন্য ব্রাজিল দল ঘোষণা করবেন আনচেলত্তি।
সিবিএফের ওয়েবসাইটে আনচেলত্তি বলেন, “আমি এক বছর আগে ব্রাজিলে এসেছি। প্রথম মিনিট থেকেই বুঝেছি, এই দেশে ফুটবল কতটা গুরুত্বপূর্ণ।”
“এক বছর ধরে আমরা ব্রাজিল জাতীয় দলকে আবার বিশ্বের শীর্ষে ফেরাতে কাজ করছি। তবে সিবিএফ এবং আমি আরও বেশি চাই – আরও জয়, আরও সময়, আরও কাজ।”
“আমরা খুব খুশি যে আরও চার বছর একসঙ্গে কাজ চালিয়ে যাব। আমরা একসঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত এগোব।”
“সিবিএফকে তাদের আস্থার জন্য ধন্যবাদ জানাতে চাই। ব্রাজিলকে ধন্যবাদ উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসার জন্য।”
আনচেলত্তির চুক্তি নবায়নের সিদ্ধান্ত ব্রাজিলিয়ান ফুটবলের জন্য ‘ঐতিহাসিক দিন’ হিসেবে আখ্যা দেন সিবিএফ সভাপতি সামির শাউদ।
“কার্লো আনচেলত্তির চুক্তি নবায়ন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলকে আরও শক্তিশালী, আধুনিক ও প্রতিযোগিতামূলক কাঠামো দেওয়ার আমাদের অঙ্গীকারের আরেকটি দৃঢ় পদক্ষেপ।”
সাবেক চেলসি, এসি মিলান ও পিএসজি কোচের ব্রাজিলে সময়টা এখন পর্যন্ত খুব একটা সহজ ছিল না। অনেক খেলেয়াড় চোটে থাকায় উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপে দলটি শিরোপার জন্য সত্যিকারের লড়াই করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
গত বছর হতাশাজনক পারফরম্যান্সের পর দোরিভাল জুনিয়রের জায়গায় দায়িত্ব নেন আনচেলত্তি। তার অধীনে ১০ ম্যাচে ব্রাজিলের পাঁচ জয়, তিন হার ও দুই ড্র রয়েছে।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, মরক্কো ও হাইতি। ২০০২ সালের পর প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দলকে এগিয়ে নিতে চাইবেন চুক্তির মেয়াদ বাড়ানো আনচেলত্তি।















মন্তব্য করুন: