ফ্রান্স বিশ্বকাপ দলে নতুন মুখ রিসার, নেই রিয়ালের কামাভিঙ্গা

ফ্রান্স বিশ্বকাপ দলে নতুন মুখ রিসার, নেই রিয়ালের কামাভিঙ্গা

কখনও জাতীয় দলের হয়ে না খেলা গোলরক্ষক রবিন রিসার এবং ক্রিস্টাল প্যালেস জুটি মাকসঁস লাক্রোয়া ও জ্যঁ-ফিলিপ মাতেতাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ফ্রান্স। তবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার।

বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ফ্রান্সের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশঁম।

রেসিং লঁসের হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে জায়গা পেয়েছেন রিসার। দলটি লিগ ওয়ানে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে এবং মাসের শেষ দিকে ফরাসি কাপের ফাইনাল খেলবে। ২১ বছর বয়সী এই গোলরক্ষককে কয়েকদিন আগে লিগ ওয়ানের সেরা গোলরক্ষক নির্বাচিত করা হয়েছে।

পিএসজিতে শুরুর একাদশের জায়গা হারানো এবং চোটে পড়ার কারণে লুকা শেভালিয়েকে বাদ দিয়ে ডাকা হয় রিসারকে। জানুয়ারির পর আর খেলেননি শেভালিয়ে।

গত অক্টোবরে অভিষেক হওয়া স্ট্রাইকার মাতেতা এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন। লিভারপুলের হয়ে গত মাসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়া উগো একিতিকের জায়গায় তাকে নেওয়া হয়েছে।

দেশঁম বলেন, “অন্য স্ট্রাইকারদের তুলনায় তার ধরন আলাদা।

রিয়াল মাদ্রিদের হয়ে হতাশাজনক মৌসুম কাটানোর পর এদুয়ার্দো কামাভিঙ্গাকে রাখা হবে কি না, তা নিয়েও আলোচনা ছিল। তবে মার্চে ব্রাজিলের বিপক্ষে অভিষেকে দারুণ খেলা ডিফেন্ডার লাক্রোয়াকেই বেছে নেন দেশঁম।

কামাভিঙ্গাকে নিয়ে দেশঁম বলেন, “এটা তার জন্য অবশ্যই বড় হতাশা হবে। তবে চোটের কারণেও তার মৌসুমটা কঠিন গেছে।

২৬ সদস্যের দলে আর কোনো বড় চমক নেই। চার বছর আগে কাতার বিশ্বকাপের ফাইনাল খেলা দলের ১০ জন রয়েছেন এবার। এছাড়া ২০১৮ সালে মস্কোয় বিশ্বকাপজয়ী দল থেকে আছেন লুকা এর্নান্দেজ, এনগোলো কান্তে ও কিলিয়ান এমবাপ্পে।

অধিনায়ক এমবাপ্পের নেতৃত্বে শক্তিশালী আক্রমণভাগে আছেন ব্যালন ডিঅরজয়ী উসমান দেম্বেলে এবং উদীয়মান তারকা মাইকেল ওলিসেও।

বিশ্বকাপে ‘আই গ্রুপে ইরাক, নরওয়ে ও সেনেগালের মুখোমুখি হবে ফ্রান্স।

ফ্রান্সের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: মাইক মেনিয়ঁ (এসি মিলান), রবিন রিসার (রেসিং লঁস), ব্রিস সাম্বা (স্তাদ রেনে)

ডিফেন্ডার: লুকা দিঁনে (অ্যাস্টন ভিলা), মালো গুস্তো (চেলসি), লুকা এর্নান্দেজ (পিএসজি), তেও এর্নান্দেজ (আল-হিলাল), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুল কুন্দে (বার্সেলোনা), মাকসঁস লাক্রোয়া (ক্রিস্টাল প্যালেস), উইলিয়াম সালিবা (আর্সেনাল), দাইও উপামেকানো (বায়ার্ন মিউনিখ)

মিডফিল্ডার: এনগোলো কান্তে (ফেনেরবাচে), মানু কোনে (রোমা), আদ্রিয়াঁ রাবিও (এসি মিলান), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), ওয়ারেন জায়েরে-এমেরি (পিএসজি)

ফরোয়ার্ড: মাগনেস আকলিউশ (মোনাকো), ব্র্যাডলি বারকোলা (পিএসজি), রায়ান শেরকি (ম্যানচেস্টার সিটি), উসমান দেম্বেলে (পিএসজি), দেজিরে দুয়ে (পিএসজি), জ্যঁ-ফিলিপ মাতেতা (ক্রিস্টাল প্যালেস), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), মার্কুস থুরাম (ইন্টার মিলান)।

মন্তব্য করুন: