নিজেকে রিয়ালের ‘চতুর্থ ফরোয়ার্ড’ বললেন এমবাপ্পে

নিজেকে রিয়ালের ‘চতুর্থ ফরোয়ার্ড’ বললেন এমবাপ্পে

রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে শুরুর একাদশে জায়গা না পাওয়ার পর নিজেকে রিয়াল মাদ্রিদের ‘চতুর্থ পছন্দের ফরোয়ার্ড বলে মন্তব্য করেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

হ্যামস্ট্রিং চোটের কারণে বার্সেলোনার বিপক্ষে গত রোববারের ২-০ গোলে হারের ম্যাচে খেলতে না পারা এই ফরাসি ফরোয়ার্ডকে মাঠে নামানো হয় ৬৮তম মিনিটে। বৃহস্পতিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে কোচ আলভারো আরবেলোয়া আক্রমণে ভিনিসুস জুনিয়র ও গনসালো গার্সিয়াকে খেলান।

ম্যাচ শেষে এমবাপ্পে সাংবাদিকদের জানান, ফিটনেস নিয়ে তার কোনো সমস্যা নেই।

আমি শতভাগ ফিট। আমি খেলিনি কারণ কোচের কাছে আমি দলে (ফ্রাঙ্কো) মাস্তান্তুয়োনো, ভিনি ও গনসালোর পর চতুর্থ স্ট্রাইকার।

আমি শুরুর একাদশে খেলতে প্রস্তুত ছিলাম। তবে এটা তার সিদ্ধান্ত এবং সেটাকে সবসময় সম্মান করতে হবে।

আরবেলোয়ার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। কোচের দর্শন মেনে নিতে হবে এবং ভিনি, গনসালো ও মাস্তান্তুয়োনোর আগে খেলতে হলে আমাকে আরও ভালো করতে হবে।

চোট থেকে সেরে ওঠার সময় সার্ডিনিয়ায় ঘুরতে যাওয়ায় সমর্থকদের সমালোচনার মুখে পড়েন এমবাপ্পে। তবে তিনি দাবি করেন, ক্লাবের অনুমতি নিয়েই তিনি সেখানে গিয়েছিলেন।

আরবেলোয়া জানান, বার্সেলোনার বিপক্ষে না খেলা একজন ফুটবলারকে শুরু থেকেই নামানোর কোনো সুযোগ ছিল না। একই সঙ্গে এমবাপ্পেকে চতুর্থ পছন্দ বলা হয়েছিল – এমন কথাও তিনি উড়িয়ে দেন।

স্প্যানিশ এই কোচ বলেন, “ম্যাচের আগে তার সঙ্গে আমার কথা হয়েছিল এবং সে কী বুঝেছে আমি জানি না।

আমার কাছে বিষয়টি খুব পরিষ্কার – চার দিন আগে যে খেলোয়াড় বেঞ্চেও থাকতে পারেনি (বার্সেলোনার বিপক্ষে), তাকে আজ শুরুর একাদশে রাখা উচিত নয়। বিশেষ করে এটা কোনো ফাইনাল নয়, জীবন-মরণের ম্যাচও নয়।

আরবেলোয়া জানান, আগামী রোববার সেভিয়ার বিপক্ষে রিয়ালের পরের ম্যাচে শুরুর একাদশে থাকবেন এমবাপ্পে।

মন্তব্য করুন: