ভিলার কাছে বিধ্বস্ত হয়ে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে শঙ্কা
১৬ মে ২০২৬
প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযানে মাঝপথে খেই হারিয়ে ফেলা লিভারপুলের জন্য আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সমীকরণটা ছিল সহজ। কিন্তু টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট হারিয়ে এখন সেই পথ কঠিন হয়ে গেছে আর্নে স্লটের দলের জন্য।
শুক্রবার অ্যাস্টন ভিলার মাঠে জয় পেলেই চ্যাম্পিয়নস লিগের নিশ্চিত হতো টিকিট লিভারপুলের। কিন্তু তাদেরকে ৪-২ গোলে হারিয়ে ইউরোপ ক্লাব সেরার মঞ্চে নিজেদের জায়গা নিশ্চিত করে আগের তিন ম্যাচে জয়হীন থাকা ভিলা।
আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে পাঁচটি দল। ৩৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগে চতুর্থ স্থানে আছে উনাই এমেরির দল। অন্যদিকে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে আছে লিভারপুল, হাতে আছে এক ম্যাচ। শেষ রাউন্ডে ঘরের মাঠে তালিকার আট নম্বরে থাকা ব্রেন্টফোর্ডকে হারাতে পারলেই শীর্ষ পাঁচে থাকা নিশ্চিত হবে অলরেডদের।
তবে হারলে বা ড্র করলে তাদের তাকিয়ে থাকতে হবে বোর্নমাউথ ও ব্রাইটনের দিকে। লিভারপুলকে ছাড়িয়ে শীর্ষে পাঁচে থাকার সম্ভাবনা আছে কেবল এই দুই দলের। এক্ষেত্রে ৩৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে আছে ষষ্ঠ স্থানে থাকা বোর্নমাউথ। চলতি বছর খেলা ১৭ ম্যাচের মধ্যে তারা হেরেছে কেবল একটি। সবশেষ ১৬ ম্যাচে অপরাজিত আছে তারা। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি ও নটিংহ্যাম ফরেস্ট।
অন্যদিকে ৩৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ব্রাইটন। তাদের গোলপার্থক্য লিভারপুলের সমান ১০। শেষ দুই ম্যাচে ব্রাইটন খেলবে লিডস ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।
শেষ রাউন্ডের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় আগামী ২৪ মে রাত ৯টায় শুরু হবে।
চোট কাটিয়ে এদিন ভিলা পার্কে বদলি হিসেবে মাঠে নামেন মৌসুম শেষে লিভারপুল ছাড়া ঘোষণা দেওয়া মোহাম্মদ সালাহ।
মরগ্যান রজার্সের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভিলা। বিরতির পর ভার্জিল ফন ডাইকের গোলে সমতায় ফেরে লিভারপুল। কিন্তু অলি ওয়াটকিন্সের জোড়া গোলে জয়ের পথে এগুতে থাকে ভিলা। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে চতুর্থ গোল পায় স্বাগতিকরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে এক গোল শোধ দেন ফন ডাইক।
সবশেষ তিন ম্যাচে দ্বিতীয় হারের পর স্লট বলেন, “আমি বুঝতে পারছি এই মুহূর্তে সমর্থকদের খুব একটা আস্থা নেই। অথবা তাদের মধ্যে এই ভাবনাটা নেই যে আগামী মৌসুমে পরিস্থিতি ভালো হতে পারে। তবে আমার মতে, তারা এই বিষয়টাকে অবমূল্যায়ন করছে যে, একটি নতুন শুরু কী করতে পারে।”















মন্তব্য করুন: