বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন নয়ার

বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন নয়ার

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ এক মৌসুম বাড়িয়েছেন মানুয়েল নয়ার। জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত থাকবেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

শুক্রবার এক বিবৃতিতে নয়ারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানায় বায়ার্ন। এছাড়া রিজার্ভ গোলরক্ষক সভেন উলরিখের চুক্তির মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে।

২০১১ সাল থেকে বায়ার্নে আছেন নয়ার। জার্মানির সফলতম ক্লাবটির গয়ে দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ৩৩টি ট্রফি জিতেছেন ৪০ বছর বয়সী এই তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ৫৯৭ ম্যাচের মধ্যে ২৬৯টিতে কোনো গোল হজম করেননি তিনি।

ইতোমধ্যে বুন্ডেসলিগার শিরোপা নিশ্চিত হয়ে যাওয়া বায়ার্ন ও নয়ারের সামনে সুযোগ আছে আরও একটি শিরোপা জেতার। আগামী ২৩ মে জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে তারা। এর আগে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে পিএসজির কাছে হেরে বিদায় নেয় বুন্ডেসলিগা জয়ীরা।

দীর্ঘদিন ধরে জার্মানির এক নম্বর গোলরক্ষক থাকা নয়ার দেশকে ২০১৪ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৪ ইউরোর পর জাতীয় দলকে বিদায় জানান তিনি। তবে আসন্ন বিশ্বকাপে জার্মানি দলে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে জল্পনা বাড়ছে। আগামী সপ্তাহে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দল ঘোষণা করবেন কোচ ইউলিয়ান নাগেলসমান।

মন্তব্য করুন: