বিশ্বকাপ নিয়ে ইস্তানবুলে ইরানের সঙ্গে বৈঠকে বসছে ফিফা: রয়টার্স
১৬ মে ২০২৬
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়ে তুরস্কের ইস্তানবুলে দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ফিফা। এই আলোচনা সম্পর্কে অবগত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ফিফার সাধারণ সম্পাদক মাত্তিয়াস গ্রাফস্ট্রোম শনিবার ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর পর থেকে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে দলটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে ভ্যাংকুভারে ফিফা কংগ্রেসে যোগ দিতে যাওয়ার পথে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজকে কানাডায় প্রবেশাধিকার না দেওয়ায় এই সংশয় আরও ঘনীভূত হয়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে এই অনুমতি দেওয়া হয়নি।
মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আসন্ন বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া যুক্তরাষ্ট্র ও কানাডা – উভয় দেশই আইআরজিসি-কে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে। তারা সাফ জানিয়ে দিয়েছে যে এই সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত কাউকে তাদের দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
ইরানের আন্তর্জাতিক ও আইনি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, সব দল এবং তাদের প্রতিনিধি দল যাতে আয়োজক দেশগুলোতে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করা ফিফার দায়িত্ব। একই সঙ্গে ইরানি প্রতিনিধি দলের যেকোনো প্রয়োজনীয় সদস্যের প্রবেশে বাধা দেওয়াকে বিশ্বকাপের মূল চেতনা ও উদ্দেশ্যের পরিপন্থী হিসেবে আখ্যা দেন তিনি।
সূত্রটি জানায়, বিশ্বকাপে অংশ নেওয়া সব দল যাতে একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে প্রতিযোগিতা করতে পারে, তা নিশ্চিত করতে ফিফা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
চলমান সামরিক সংঘাতের মধ্যে দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, বিশ্বকাপে ইরানের খেলার ব্যাপারে তার ‘কোনো আপত্তি নেই’। এর আগে ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জোর দিয়ে বলেছেন, সব ম্যাচ পূর্বনির্ধারিত ভেন্যুগুলোতেই অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার ইরান জাতীয় দল তেহরান ছেড়ে তুরস্কে একটি অনুশীলন ক্যাম্পের উদ্দেশে রওনা হবে। এরপর জুনের শুরুতে তাদের যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে ক্যাম্প করার কথা রয়েছে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ইরানের।















মন্তব্য করুন: