চার বছরের অধ্যায় চুকিয়ে বার্সা ছাড়ার ঘোষণা লেভানডফস্কির
১৬ মে ২০২৬
চুক্তির মেয়াদ শেষে চলতি মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়তে চলেছেন পোলিশ স্ট্রাইকার রবের্ট লেভানডফস্কি।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি জানান ৩৭ বছর বয়সী এই গোলমেশিন।
চলতি বছরের শুরুর দিকে ইএসপিএন জানিয়েছিল, কাতালান ক্লাবটি লেভানডফস্কির সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী ছিল। তবে তা কিছুটা কম পারিশ্রমিকে। কিন্তু এই অভিজ্ঞ স্ট্রাইকার লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে তার চার বছরের সফল অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।
ইএসপিএন-এর সূত্র অনুযায়ী, ইউরোপ, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু ক্লাব তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে, যার মধ্যে মেজর লিগ সকারের ক্লাব শিকাগো ফায়ার অন্যতম।
আগামী রোববার কাম্প নউয়ে রিয়াল বেতিসের বিপক্ষে চলতি মৌসুমের শেষ হোম ম্যাচে বার্সেলোনা সমর্থকদের বিদায় জানানোর সুযোগ পাবেন লেভানডফস্কি।
বিদায়ী বার্তায় সতীর্থ, ক্লাব ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, “চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমে ভরা চার বছর পর, এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। আমি এই অনুভূতি নিয়ে বিদায় দিচ্ছি যে আমার মিশন সফল হয়েছে। চার মৌসুম, তিনটি চ্যাম্পিয়নশিপ। প্রথম দিন থেকে সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, তা কখনোই ভুলব না। কাতালুনিয়া আমার হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে থাকবে।”
চলতি মৌসুমে লেভানডফস্কি নিয়মিত শুরুর একাদশে ছিলেন না। ফেররান তোরেসের সঙ্গে পর্যায়ক্রমে ৯ নম্বর পজিশনে খেলেছেন তিনি। এরপরও গোল করার ক্ষেত্রে নিজের স্বভাবসুলভ কার্যকারিতা দেখিয়েছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮টি গোল। শেষ মৌসুমে ক্লাবের হয়ে জিতেছেন লা লিগা ও স্প্যানিশ সুপারকাপের শিরোপা।
২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে ৪ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফি-তে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে লেভানডফস্কি ১৯১ ম্যাচে ১১৯টি গোল করেছেন। স্পেনে কাটানো চার মৌসুমের মধ্যে তিনবারই লা লিগা জিতেছেন তিনি। পাশাপাশি জিতেছেন তিনটি সুপারকাপ ও একটি কোপা দেল রে।















মন্তব্য করুন: