৪ বছরের চুক্তিতে চেলসির দায়িত্বে আলোনসো
১৭ মে ২০২৬
নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে শাবি আলোনসোর নাম ঘোষণা করেছে চেলসি। আগামী জুলাইয়ে স্ট্যামফোর্ড ব্রিজে এই দায়িত্ব শুরু করবেন রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের সাবেক এই স্প্যানিশ তারকা।
রোববার এক বিবৃতিতে আলোনসোকে চার বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার কথা জানায় পশ্চিম লন্ডনের ক্লাবটি।
গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সরে দাঁড়ান আলোনসো। তিন বছরের চুক্তিতে বায়ার লেভারকুজেন থেকে গত জুনে স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু আট মাস পার হওয়ার আগেই সেই পথচলা শেষ হয়।
এর আগে তিন বছর লেভারকুজেনের দায়িত্বে ছিলেন ৪৪ বছর বয়সী এই কোচ। ২০২৪ সালে জার্মান ক্লাবটিকে তাদের ইতিহাসের প্রথম বুন্ডেসলিগার শিরোপা জেতানোর পাশাপাশি জার্মান কাপের স্বাদ এনে দিয়েছিলেন তিনি।
গত বছর ক্লাব বিশ্বকাপ জয়ের পর চলতি মৌসুমে সময়টা একদমই ভালো যায়নি চেলসির। এক মৌসুমেই তারা এনসো মারেস্কা ও লিয়াম রোজেনিওরের মতো দুজন স্থায়ী কোচকে বরখাস্ত করেছে। বর্তমানে ক্যালাম ম্যাকফারলেইন দ্বিতীয় মেয়াদে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন। প্রিমিয়ার লিগের বাকি দুটি ম্যাচেও দলের দায়িত্বে থাকবেন তিনি।
চেলসির মালিকপক্ষের প্রত্যাশা, আলোনসোর হাত ধরে ক্লাবে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরে আসবে। অন্যদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর আলোনসো জানান, ক্লাবকে নিয়ে তার লক্ষ্যের কথা।
“ক্লাবের মালিকপক্ষ এবং স্পোর্টিং নেতৃত্বের সঙ্গে কথা বলে এটি স্পষ্ট যে আমাদের লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা একই। আমরা এমন একটি দল তৈরি করতে চাই যা নিয়মিত সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং ট্রফির জন্য লড়াই করতে সক্ষম। এই স্কোয়াডে চমৎকার প্রতিভা এবং বিশাল সম্ভাবনা রয়েছে। এখন আমাদের মূল মনোযোগ কঠোর পরিশ্রম, দলের ভেতর সঠিক সংস্কৃতি গড়ে তোলা এবং ট্রফি জয়।”
খেলোয়াড় হিসেবে আলোনসোর প্রিমিয়ার লিগে খেলার দীর্ঘ অভিজ্ঞতা আছে। লিভারপুলে কাটিয়েছেন পাঁচ বছর, যেখানে ২০০৫ সালে অলরেডদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে ভূমিকা রাখেন।
এছাড়া রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবেও ছিলেন আলোনসো। স্পেনের সোনালী প্রজন্মের এই সদস্য জাতীয় দলের গয়ে ১১৪টি ম্যাচ খেলেছেন। ২০১০ সালের বিশ্বকাপ ছাড়াও জিতেছেন দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা।















মন্তব্য করুন: