গোল করে, করিয়ে মায়ামিকে জেতালেন মেসি
১৮ মে ২০২৬
বিশ্বকাপের আগে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছেন লিওনেল মেসি। গোল করে এবং করিয়ে ইন্টার মায়ামিকে তাদের নতুন ঘরের মাঠে প্রথম জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
বাংলাদেশ সময় সোমবার ভোরে শুরু হওয়া ম্যাচে পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারায় মায়ামি। দলের হয়ে প্রথম গোলটি করার পর দ্বিতীয় গোলটি বানিয়ে দেন মেসি।
গত মাসে চালু হওয়া নতুন ঘরের মাঠ নু স্টেডিয়ামে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল মায়ামি। আগের চার ম্যাচের তিনটিতে ড্র করে ও একটিতে হারে তারা।
শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আক্রমণাত্মক ফুটবল খেলা মেসি-সুয়ারেসদের বিপক্ষে বাধা হয়ে দাঁড়ান পোর্টল্যান্ড গোলরক্ষক। তবে ৩১তম মিনিটে তার সেই দেয়াল ভেদ করেন মেসি।
বক্সের ঠিক বাইরে মায়ামি অধিনায়ক বল দেন লুইস সুয়ারেসকে। তিনি প্রতিপক্ষের তিনজনের মাঝ দিয়ে বল বাড়ান বক্সে। সেখানে থাকা আরেক সতীর্থ ব্যাক হিলে খুঁজে নেন মেসিকে। সহজেই তা জালে জড়ান আটবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা।
৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হের্মান বের্তেরামে। তবে এখানে বড় অবদান মেসির। সুয়ারেসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢোকেন তিনি। সেখানে তাকে ঘিরে ধরেন প্রতিপক্ষের চারজন। তাদের ভেতর দিয়েও ড্রিবল করে ঢুকে বল দেন বের্তেরামেকে। তার কাজ ছিল শুধু কাছ থেকে বল জাল পাঠানো।
১৪ ম্যাচ ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে আছে মায়ামি। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ কম খেলা ন্যাশভিল।















মন্তব্য করুন: