ঘরের মাঠে শেষ ম্যাচে বার্সার জয়, ভিনিসুসের গোলে জিতল রিয়াল
১৮ মে ২০২৬
স্প্যানিশ লা লিগায় রাফিনিয়ার জোড়া গোলে ঘরের মাঠে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। অন্যদিকে আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসুস জুনিয়রের একমাত্র গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
রোববার কাম্প নউয়ে রিয়াল বেতিসকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। দুই অর্ধে দুটি গোল করেন চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। অপর গোলটি করেন জোয়াও কান্সেলো।
গত ১০ মে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়ে শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা আলভেসের কাছে হেরে যায় পরের ম্যাচে। তবে বেতিসকে হারিয়ে ঘরের মাঠে লিগে মৌসুমের ১৯ ম্যাচের সবকটিতে জিতল কাতালান ক্লাবটি।
২৭তম মিনিটে ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। ৬১তম মিনিটে প্রতিপক্ষের ভুল পাস পেয়ে বক্সের ভেতরে ঢুকে ব্যবধান দ্বিগুণ করে এই ফরোয়ার্ড। সাত মিনিট পর পেনাল্টি থেকে এক গোল শোধ করেন ইসকো। ৭৩তম মিনিটে বার্সেলোনার তৃতীয় গোলটি করেন কানসেলো।
মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়া রবের্ট লেভানডফস্কি ঘরের মাঠে নিজের শেষ ম্যাচ খেলতে নামেন। নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি থাকতে তাকে তুলে নেন কোচ হানসি ফ্লিক। এ সময় তুমুল করতালির মধ্য দিয়ে তাকে বিদায় জানান সমর্থকরা।
অন্য ম্যাচে সেভিয়ার মাঠে ১-০ গোলে জয় পায় রিয়াল। চোট কাটিয়ে গত ম্যাচে মাঠে ফেরা কিলিয়ান এমবাপ্পে এদিন শুরুর একাদশের হয়ে মাঠে নামেন।
ম্যাচের ১৩তম মিনিটে ফরাসি এই ফরোয়ার্ড ডি-বক্সে বুক দিয়ে বল নামালেও ভারসাম্য হারিয়ে শট নিতে পারেননি। তবে সেখান থেকে বল জালে জড়ান ভিনিসুস। লিগে দুই ম্যাচ পর জালের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি আসরে তার গোল হলো ১৬টি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা ২২টি।
৩৭ রাউন্ড শেষে ৯৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। ৮৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
মৌসুমের শেষ ম্যাচে আগামী রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে আলভারো আরবেলোয়ার দল। ভালেন্সিয়ার মাঠে খেলবে বার্সেলোনা।















মন্তব্য করুন: