নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেইমারকে নিয়েই ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে যাচ্ছে ব্রাজিল। এরই সঙ্গে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আড়াই বছরের বেশি সময় পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষার অবসান হতে চলেছে।

সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরের ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। নেইমারের প্রত্যাবর্তন ছাড়াও চমক হয়ে এসেছে তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের নাম।

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের জায়গা হবে কি নাদল ঘোষণা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল এটাই। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটের পর থেকে সেলেসাওদের হয়ে আর মাঠে নামতে পারেনি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

নাচেগানে ভরপুর ঘণ্টাব্যাপী জমকালো এক অনুষ্ঠানের শেষে দল ঘোষণা করতে মঞ্চে ওঠেন আনচেলত্তি। একে একে গোলরক্ষক থেকে শুরু করে রক্ষণ মাঝমাঠের খেলোয়াড়দের নাম ঘোষণা করেন তিনি।

এরপর আক্রমণভাগের শুরুতেই চমক হয়ে আসে এনদ্রিকের নাম। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের নাম ঘোষণা করতেই উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত দর্শকরা।

রিয়াল মাদ্রিদে মাঠে নামার যথেষ্ট সুযোগ না পাওয়ায় চলতি বছরের শুরুতে ধারে অলিম্পিক লিওঁতে যোগ দেন এনদ্রিক। ফরাসি ক্লাবটিতে আলো ছড়িয়ে জায়গা করে নিলেন বিশ্বকাপ দলে।

এরপর একে একে গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস হেনরিকে মাথেউস কুইয়ার নাম ঘোষণার পর, ব্রাজিল ভক্ত-সমর্থকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়। আনচেলত্তির মুখে নেইমারের নাম উচ্চারিত হতেই উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে ফেটে পড়েন। কোচও বাধ্য হয়ে কিছুক্ষণ থেমে যান।

হাঁটুর চোট কাটিয়ে ২০২৪ সালের শেষ দিকে প্রায় এক বছর পর মাঠে ফিরলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি নেইমার। এরপর আবার একের পর এক চোটে নিজের সেরা ছন্দ হারিয়ে ফেলেন তিনি।

নিজেকে ফিরে পেতে আল-হিলালের সঙ্গে চুক্তির ইতি টেনে গত বছর জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। কিন্তু চোট ফিটনেসের অভাবে জাতীয় দলে ফিরতে পারেননি তিনি। গত মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর আনচেলত্তি একাধিক সময়ে সাফ জানিয়ে দিয়েছিলেন, পুরো ফিট না হলে বিশ্বকাপ দলে জায়গা হবে না নেইমারের।  

শেষ পর্যন্ত ফিটনেস মাঠের পারফরম্যান্সে কোচকে সন্তুষ্ট করেই বিশ্বকাপ দলে জায়গা পেলেন দেশের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা এই ফরোয়ার্ড।  

সংবাদ সম্মেলনেন আনচেলত্তি বলেন, “আমরা বছরজুড়ে নেইমারকে মূল্যায়ন করেছি এবং দেখেছি সাম্প্রতি সে নিয়মিত খেলছে এবং নিজের শারীরিক অবস্থার উন্নতি করেছে। অন্যদের মতোই তার একই ভূমিকা দায়িত্ব আছে। তবে সে একজন অভিজ্ঞ খেলোয়াড়। এটা সত্য যে কিছু জায়গায় আমরা অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছি।

চোটের কারণে রদ্রিগো, এদের মিলিতাও এস্তেভাও যে থাকবেন না, তা আগেই জানা গিয়েছিল। তবে গত কয়েক ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রো মিডফিল্ডার আন্দ্রেই সান্তোস।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে ব্রাজিলের।সিগ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি স্কটল্যান্ড।

ব্রাজিলের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভেরতন

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালিয়াইস, ইবানেজ, লেও পেরেইরা, মার্কিনিয়োস, ওয়েসলি

মিডফিল্ডার: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো সান্তোস, ফাবিনিও, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস এইহিকে, মাথেউস কুইয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান ভিনিসুস জুনিয়র

মন্তব্য করুন: