মৌসুম শেষে ম্যানসিটি ছাড়ছেন গুয়ার্দিওলা: বিবিসি

মৌসুম শেষে ম্যানসিটি ছাড়ছেন গুয়ার্দিওলা: বিবিসি

অ্যাস্টন ভিলার বিপক্ষে আগামী রোববারের প্রিমিয়ার লিগ ম্যাচটিই কি ইতিহাদ স্টেডিয়ামে পেপ গুয়ার্দিওলার শেষ ম্যাচ হতে যাচ্ছে? বিবিসির তথ্যানুযায়ী, ম্যানচেস্টার সিটির এই কিংবদন্তি কোচের ক্লাব ছাড়ার বিষয়টি এখন সময়ের ব্যাপার বলেই ধারণা করা হচ্ছে।

সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, চলতি মৌসুম শেষেই সিটির দায়িত্ব ছাড়তে চলেছেন গুয়ার্দিওলা। ৫৫ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের সঙ্গে ক্লাবের চুক্তি আগামী মৌসুম পর্যন্ত আছে।

সিটি কর্তৃপক্ষ তাকে ধরে রাখার ব্যাপারে এখনও আশাবাদী, তবে ক্লাবের ভেতরের পরিবেশ বলছে ভিন্ন কথা। খোদ ক্লাব স্টাফ এবং খেলোয়াড়দের মধ্যেও এমন ধারণা বদ্ধমূল হয়েছে যে, মৌসুমের শেষ ম্যাচের পরই গুয়ার্দিওলা ইতিহাদ ছাড়বেন। এমনকি ক্লাব কর্তৃপক্ষ তাকে বিদায়ী সম্মান জানানোর পরিকল্পনাও শুরু করেছে। ইতিহাদ স্টেডিয়ামের সম্প্রসারিত নর্থ স্ট্যান্ডটির নাম ক্লাবের এই কিংবদন্তি কোচের নামে রাখার বিষয়টি ক্লাব বিবেচনায় করছে।

গুয়ার্দিওলার ক্লাব ছাড়ার বিষয়টি সাম্প্রতি তার সংবাদ সম্মেলনে নিয়মিতই উঠে আসছে। গত রোববার চেলসিকে হারিয়ে এফএ কাপের হারিয়ে শিরোপা জয়ের আগে শুক্রবার তিনি বলেছিলেন, “কোনোভাবেই নয় (এটি শেষ নয়), আমার চুক্তিতে আরও এক বছর বাকি আছে।

পরবর্তীতে বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এবং বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনেও তিনি সাফ জানিয়ে দেন যে, আগামী মৌসুমেও ক্লাবে থাকছেন। তবে তার এই সব মন্তব্যের পরও বিদায়ের গুঞ্জন থামছে না।

গুয়ার্দিওলা বিদায় নিলে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এগিয়ে আছেন চেলসির সাবেক কোচ এনসো মারেস্কা। চলতি মৌসুমের মাঝামাঝি পশ্চিম লন্ডনের ক্লাবটি থেকে ছাটাই হওয়া এই কোচ এর আগে সিটিতে গুয়ার্দিওলার অধীনে কাজ করেছিলেন।

ম্যানচেস্টার সিটির ইতিহাসে সর্বকালের সেরা কোচ হিসেবে বিবেচিত গুয়ার্দিওলা ২০১৬ সালে ক্লাবের দায়িত্ব নেন। গত ১০ বছরে ক্লাবকে এনে দিয়েছেন ২০টি শিরোপা। এর মধ্যে আছে ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি এফএ কাপ পাঁচটি ইংলিশ ফুটবল লিগ কাপ।

২০১৭-১৮ মৌসুমে ১০০ পয়েন্টের রেকর্ড গড়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতান গুয়ার্দিওলা। ২০২২-২৩ মৌসুমে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে সিটিকে ট্রেবল জেতান তিনি। এছাড়া তার দল প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে টানা চারটি শিরোপা জেতার কীর্তি গড়ে।

মন্তব্য করুন: