সিটির হোঁচটে ২২ বছর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল
২০ মে ২০২৬
শিরোপা পুনরূদ্ধারের লড়াইয়ে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প ছিল না ম্যানচেস্টার সিটির। কিন্তু বোর্নমাউথের বিপক্ষে তা করতে পারেনি পেপ গুয়ার্দিওলার দল। তাদের হোঁচটে ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল।
মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে শিরোপা লড়াই থেকে ছিটকে যায় সিটি।
ঘরের মাঠে ৩৮তম মিনিটে এলি জুনিয়র ক্রুপির গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। ম্যাচে ফিরতে মরিয়া সিটি একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আর্লিং হলান্দের গোলে সমতায় ফেরে গুয়ার্দিওলার দল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।
৩৭ রাউন্ড শেষে ২৩ জয় ও ৯ ড্রয়ে ৭৮ পয়েন্ট সিটির। তাদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থাকায় শিরোপা নিশ্চিত হয়েছে আর্সেনালের। ৩৭ ম্যাচে ২৫ জয় ও ৭ ড্রয়ে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৮২।
আগের দিন বার্নলিকে হারানোর পর, আর্সেনাল কোচ আর্তেতা কোনো রাখঢাক ছাড়াই জানান, সিটির বিপক্ষে ম্যাচে তিনি বোর্নমাউথের ইতিহাসের ‘সবচেয়ে বড় সমর্থক’ হবেন। স্প্যানিশ এই কোচের অধীনে সবশেষ তিন মৌসুমে রানার্স-আপ হওয়ার পর এবার শিরোপা খরা কাটল গানারদের।
ইংল্যান্ডের শীর্ষ লিগে এটি আর্সেনালের ১৪তম শিরোপা। ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে সবশেষ প্রিমিয়ার লিগ জিতেছিল উত্তর লন্ডনের দলটি। ২০২০ সালে এফএ কাপ জয়ের পর এটি তাদের প্রথম কোনো বড় শিরোপা।
আরেকটি শিরোপা দিয়ে মৌসুম শেষ করার সুযোগ আছে আর্সেনালের সামনে। আগামী ৩০ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির মুখোমুখি হবে তারা। বর্তমান চ্যাম্পিয়নদের হারাতে পারলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপ ক্লাব সেরার ইতিহাসের শিরোপা জিতবে দলটি।
অন্যদিকে সিটির সঙ্গে ড্র ১২৭ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত হয়েছে বোর্নমাউথের। আগামী মৌসুমে অন্ততপক্ষে ইউরোপা লিগে খেলবে তারা। চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও টিকে আছে প্রিমিয়ার লিগে টানা ১৭ ম্যাচ ধরে অপরাজিত থাকা দলটির।















মন্তব্য করুন: