অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে নয়ার
২১ মে ২০২৬
অবসর ভেঙে সরাসরি জার্মানির বিশ্বকাপ দলে ফিরেছেন মানুয়েল নয়ার। প্রথম পছন্দের গোলকিপার হিসেবে তাকে দলে নেওয়ার কথা জানিয়েছেন কোচ ইউলিয়ান নাগেলসমান।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করে জামার্নির কোচ।
দেশের হয়ে নয়ার সবশেষ মাঠে নামেন ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। ঘরের মাঠে ওই আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পরের মাসে জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন তিনি।
সাম্প্রতিক সময়ে জার্মানির বিশ্বকাপ দলে নয়ারের ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তা সত্যি হওয়ায় ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের টানা পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
নয়ারের বিদায়ের পর এতদিন নাগেলসমানের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন হফেমহাইমের অলিভার বাউমান। তার সঙ্গে দীর্ঘ আলোচনার পরই নয়ারকে ফেরানোর সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানান তিনি।
নয়ারকে প্রথম পছন্দের গোলরক্ষক বিবেচনা করা হচ্ছে কি না – এমন প্রশ্নের জবাবে দল ঘোষণার সংবাদ সম্মেলনে নাগেলসমান বলেন, “হ্যাঁ, আমি সেভাবেই পরিকল্পনা করছি। প্রধান কাজ ছিল সেরা তিন গোলরক্ষক নির্বাচন করা এবং আমাদের মতে, এই তিন জন তাই।”
“আমরা মানুয়েলের সঙ্গে যোগাযোগ করে জানতে চাই যে, সে আবার জাতীয় দলে খেলতে চায় কি না।”
২০১৪ সালে জার্মানির চতুর্থ বিশ্বকাপ জয়ী দলের সদস্য নয়ারের সঙ্গে গত সপ্তাহে এক বছরের চুক্তির মেয়াদ বাড়িয়েছে বায়ার্ন মিউনিখ। ইতোমধ্যে দলটি বুন্ডেসলিগার শিরোপা জিতেছে। আগামী শনিবার স্টুটগার্টের বিপক্ষে জার্মান কাপের ফাইনালে মুখোমুখি হবে তারা।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে আরেকটি উল্লেখযোগ্য নাম লেনার্ট কার্ল। বায়ার্নের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করা ১৮ বছর বয়সী এই উইঙ্গার গত মার্চের দুটি প্রীতি ম্যাচের দলে ছিলেন।
আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জার্মানি। ‘ই’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ একুয়েডর ও কোত দ্য ভোয়া।
নাগেলসমান জানান, আগের দুই আসরের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া জার্মানির লক্ষ্য পঞ্চম শিরোপা জয়।
“আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই। সব খেলোয়াড় যারা দলে ডাক পেয়েছে তাদের উচিত এখন এটা প্রতিদিন লালন করা।”
জার্মানির বিশ্বকাপ দল:
গোলরক্ষক: মানুয়েল নয়ার, অলিভার বাউমান, আলেকসান্দার নুবেল
ডিফেন্ডার: ভাল্ডামার আন্টন, নাথানিয়েল ব্রাউন, জশুয়া কিমিখ, ডাভিড রাউম, আন্টোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, জোনাথন টা, মালিক চাও
মিডফিল্ডার: নাদিম আমিরি, লেয়ন গোরেটস্কা, পাসকেল গ্রস, জেমি লেভেলিং, জামাল মুসিয়ালা, ফিলিক্স মেচা, আলেকসান্দার পাভলোভিচ, আঞ্জেলো স্টিলার, ফ্লোরিয়ান ভির্টজ
ফরোয়ার্ড: মাক্সিমিলিয়ান বাইয়ার, কাই হাভার্টজ, লেনার্ট কার্ল, লেরয় সানে, ডেনিস উনডাভ, নিক ভল্টামাডা















মন্তব্য করুন: