জোড়া গোল করে আল-নাসেরকে শিগ শিরোপা জেতালেন রোনালদো
২২ মে ২০২৬
ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ছয় মৌসুম পর সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন হয়েছে আল-নাসের। সৌদি আরবে পাড়ি জমানোর প্রায় সাড়ে তিন বছর পর প্রথম কোনো বড় শিরোপার স্বাদ পেলেন পর্তুগিজ মহাতারকা।
বৃহস্পতিবার ঘরের মাঠে শেষ রাউন্ডের ম্যাচে দামাককে ৪-১ গোলে বিধ্বস্ত করে আল-নাসের। দলের হয়ে বাকি দুই গোল করেন সাদিও মানে ও কিংসলে কোমান।
৩৪ ম্যাচে ২৮ জয় ও ২ ড্রয়ে ৮৬ পয়েন্ট চ্যাম্পিয়ন হয় রোনালদোর দল। শিরোপা লড়াইয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলাল পয়েন্ট ৮৪ নিয়ে রানার্স-আপ হয়েছে। নিজেদের শেষ ম্যাচে তারা আল-ফাইহাকে ১-০ গোলে হারায়।
এটি আল-নাসেরের একাদশ লিগ শিরোপা। ২০১৮-১৯ মৌসুমে সবশেষ লিগ জিতেছিল তারা।
অন্যদিকে ২০২২ সালের ৩০ ডিসেম্বর আল-নাসেরে যোগ দেওয়ার পর এই প্রথম বড় কোনো শিরোপা জিতলেন রোনালদো।
ম্যাচের ৩৪তম কর্নার থেকে পাওয়া বলে হেডে স্বাগতিকদের এগিয়ে দেন মানে। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ব্যবধান দ্বিগুণ করেন কোমান। ছয় মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান কমায় দামাক।
তবে স্বাগতিকদের ব্যবধান আবার বাড়াতে খুব বেশি সময় নেননি রোনালদো। ৬৩তম মিনিটে বক্সের বাঁ দিক থেকে পাওয়া ফ্রি-কিক থেকে বল জালে জড়ান আল-নাসের অধিনায়ক। ৮১তম মিনিটে দলের জয় এক প্রকার নিশ্চিত করে দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
২৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার তিনে থেকে এবারের লিগ শেষ করলেন রোনালদো।
১ হাজার গোলের মাইলফলকের পথে ছুটে চলা ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৭৩টি।















মন্তব্য করুন: