বাংলাদেশের নতুন ফুটবল কোচ ২ বিশ্বকাপে খেলা ডুলি
২২ মে ২০২৬
জাতীয় দলের প্রধান কোচ হিসেবে টমাস ডুলিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শুক্রবার সকালে এক ফেইসবুক পোস্টে যুক্তরাষ্ট্রের হয়ে দুটি বিশ্বকাপ খেলা ডুলিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানায় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন ডুলি। হাভিয়ের কাবরেরার উত্তরসূরি হলেন ৬৫ বছর বয়সী এই কোচ।
কাবরেরার মেয়াদ শেষে নতুন কোচের সন্ধানে ছিল বাংলাদেশ। এ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বেশ টানাপোড়েন ছিল। পরবর্তী কোচ হিসেবে শোনা যাচ্ছিল বেশ কয়েকজন হাইপ্রোফাইল কোচের নামও। তবে শেষ পর্যন্ত নানা আলোচনার পর সান মারিনোর বিপক্ষে ম্যাচের সপ্তাহ দুয়েক আগে কোচের নিয়োগ চূড়ান্ত হলো।
আগামী ৫ জুন সান মারিনোয় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইউরোপের কোনো দেশের বিপক্ষে এটাই হবে হামজা-জামালদের প্রথম ম্যাচ।
রক্ষণভাগে খেলা ডুলি ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের হয়ে খেলেন। ১৯৯৪ সালে বিশ্বকাপ অভিষেক হয় তার। পরের আসরে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের হয়ে খেলা ৮১ ম্যাচে গোল করেন ৭টি।
জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবে ২০ বছর খেলার পর ২০০২ সালে কোচিংয়ে নাম লেখান ডুলি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সহকারী কোচ ছিলেন তিনি। সে সময় দেশটির প্রধান কোচ ছিলেন জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমান।
হেড কোচ হিসেবে দুই দফায় ফিলিপিন্সের দায়িত্ব পালন করেন ডুলি। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রথম মেয়াদে তার কোচিংয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পাশাপাশি নিজেদের ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিং অর্জন করে।
২০২২ সালে সংক্ষিপ্ত মেয়াদে আবার ফিলিপিন্সের দায়িত্ব নেন তিনি।
২০২৫ থেকে কিছু দিন আগ পর্যন্ত গায়নার প্রধান কোচ ছিলেন ডুলি। তার কোচিংয়ে চার ম্যাচ খেলে চারটিতেই জয় পায় ক্যারিবিয়ান অঞ্চলের দেশটি।















মন্তব্য করুন: