গুয়ার্দিওলার ম্যানসিটি ছাড়ার ঘোষণা
২২ মে ২০২৬
গুঞ্জনের ডালপালা বিস্তৃত হচ্ছিল গত কয়েকদিন ধরেই। এবার চলে এলো আনুষ্ঠানিক ঘোষণাও। ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ ১০ বছরের বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন পেপ গুয়ার্দিওলা।
আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচটি দিয়ে ইতিহাদ স্টেডিয়ামে শেষ হবে ৫৫ বছর বয়সী এই কোচের পথচলা।
গত সোমবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই সিটি ছাড়তে চলেছেন গুয়ার্দিওলা। শুক্রবার এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায় ক্লাব কর্তৃপক্ষ।
বিদায় সম্পর্কে গুয়ার্দিওলা বলেন, “আমার চলে যাওয়ার কারণ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন না। এর পেছনে কোনো কারণ নেই, তবে আমি ভেতর থেকে অনুভব করছি যে এটাই আমার সময়।”
“কোনো কিছুই চিরস্থায়ী নয়। যদি হতো, আমি এখানেই থেকে যেতাম। তবে আমার অনুভূতি, এখানকার মানুষ, স্মৃতি এবং ম্যানচেস্টার সিটির প্রতি আমার ভালোবাসা চিরকাল অমলিন থাকবে।”
গুয়ার্দিওলার প্রস্থানের ঘোষণাটি প্রিমিয়ার লিগে শিরোপা হাতছাড়া তিন দিন পর এলো। গত মঙ্গলবার বোর্নমাউথের সঙ্গে ড্র করায় শিরোপা দৌড় থেকে ছিটকে যায় সিটি। ফলে এক ম্যাচ হাতে রেখে ২২ বছর প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত হয় আর্সেনালের।
সিটির ইতিহাসে সর্বকালের সেরা কোচ হিসেবে বিবেচিত গুয়ার্দিওলা ২০১৬ সালে ক্লাবের দায়িত্ব নেন। গত ১০ বছরে ক্লাবকে এনে দিয়েছেন মোট ২০টি শিরোপা। এর মধ্যে আছে ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি এফএ কাপ ও পাঁচটি ইংলিশ ফুটবল লিগ কাপ।
২০১৭-১৮ মৌসুমে ১০০ পয়েন্টের রেকর্ড গড়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতান গুয়ার্দিওলা। ২০২২-২৩ মৌসুমে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে সিটিকে ট্রেবল জেতান তিনি। এছাড়া তার দল প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে টানা চারটি শিরোপা জেতার কীর্তি গড়ে।
গুয়ার্দিওলা সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এগিয়ে আছেন চেলসির সাবেক কোচ এনসো মারেস্কা। চলতি মৌসুমের মাঝামাঝি পশ্চিম লন্ডনের ক্লাবটি থেকে ছাটাই হওয়া এই কোচ এর আগে সিটিতে গুয়ার্দিওলার অধীনে কাজ করেছিলেন।















মন্তব্য করুন: