২ বছরের জন্য ম্যানইউর কোচ ক্যারিক

২ বছরের জন্য ম্যানইউর কোচ ক্যারিক

মাইকেল ক্যারিককে আনুষ্ঠানিকভাবে স্থায়ী হেড কোচের দায়িত্ব দিয়ে তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শুক্রবার এক বিবৃতিতে ইংলিশ ফুটবলের সফলতম ক্লাবটি জানায়, ২০২৮ সাল পর্যন্ত দলের ডাগআউটে থাকবেন ৪৪ বছর বয়সী ক্যারিক।

টানা ছন্নছাড়া পারফরম্যান্সে জেরে গত জানুয়ারিতে রুবেন আমুরি বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান ক্যারিক। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হয় ইউনাইটেডের। গত রোববার প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকাও নিশ্চিত হয়েছে তাদের।

গত ১৩ জানুয়ারি ক্যারিক দায়িত্ব নেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগের অন্য যেকোনো দলের চেয়ে বেশি ৩৬ পয়েন্ট অর্জন করেছে ইউনাইটেড।

এখন পর্যন্ত ১৬টি ম্যাচের মধ্যে ১১টিতেই জয় পেয়েছেন ক্যারিক। এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রিমিয়ার লিগের মৌসুম সেরা কোচের পুরস্কারের ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন তিনি।

স্থায়ীভাবে দায়িত্ব পাওয়ার পর ক্যারিক বলেন, “২০ বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, তখন থেকেই আমি ম্যানচেস্টার ইউনাইটেডের জাদুর ছোঁয়া পেয়েছি। এই বিশেষ ক্লাবটিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

গত পাঁচ মাসে এই খেলোয়াড়রা প্রমাণ করেছে যে তারা আমাদের প্রত্যাশিত দৃঢ়তা, একতা এবং সংকল্পের মান ছুঁতে সক্ষম। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার, সঠিক লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা নিয়ে।

খেলোয়াড়ি জীবনে ওল্ড ট্র্যাফোর্ডে ১২ বছর কাটিয়েছেন ক্যারিক। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার ক্লাবের হয়ে ৫টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি এফএ কাপ জেতেন। ২০২১ সালে ওলে গুনার সোলশার বরখাস্ত হওয়ার পর তিন ম্যাচের জন্য ইউনাইটেডের অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

মন্তব্য করুন: