রিয়ালে ৪ মাসের অধ্যায় শেষ হচ্ছে আরবেলোয়ার

রিয়ালে ৪ মাসের অধ্যায় শেষ হচ্ছে আরবেলোয়ার

রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আলভারো আরবেলোয়া। চার মাস দায়িত্ব পালনের পর মৌসুম শেষে ক্লাব ছেড়ে নতুন চ্যালেঞ্জের দিকে পা বাড়ানোর কথা জানিয়েছেন তিনি।

শনিবার লা লিগায় সান্তিয়াগো বের্নাবেউয়ে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে রিয়ালে আরবেলোয়ার পথচলা।

রিয়াল মাদ্রিদের যুব দল ও রিজার্ভ দলের কোচ হিসেবে কাজ করা এই সাবেক ডিফেন্ডার গত জানুয়ারিতে শাবি আলোনসোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। তার অধীনে লিগে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করবে রিয়াল।

বর্তমানে জোসে মরিনিয়োর রিয়ালে ফেরার জোরালো গুঞ্জনের মাঝে আরবেলোয়া স্পষ্ট করে জানিয়েছেন, মরিনিয়ো কোচ হয়ে আসলে তার সঙ্গে কাজ করার কোনো সুযোগ নেই।

শুক্রবার আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মরিনিয়োর চমৎকার কোচিং স্টাফ আছে। তিনি যদি আসেন, তবে তার নিজস্ব টিম নিয়েই আসবেন। তার সঙ্গে আমার কাজ করার কোনো সুযোগ নেই। গত চার মাস আমি কেবল মাদ্রিদ নিয়েই ভেবেছি। এখন নিজের সম্পর্কে ভাবার সময় এসেছে। আমি নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।

জানুয়ারিতে আরবেলোয়া দায়িত্ব নেওয়ার সময় রিয়ালের ড্রেসিংরুম ছিল বেশ অস্থিতিশীল। তার মেয়াদে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অধিনায়ক ফেদে ভালভের্দে ও অরেলিয়েঁ চুয়ামেনির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার পর উভয়কেই ৫ লাখ ইউরো করে জরিমানা করা হয়। এমনকি ভালভের্দেকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

এসব বিষয় নিয়ে আরবেলোয়া বলেন, “আমি আসার সময় দলের অবস্থা কেমন ছিল তা আমি জানি। যদি আমি মৌসুমের শুরু থেকে কাজ করার সুযোগ পেতাম, তবে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। আমি যা পেয়েছিলাম, তা দিয়েই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমি ক্লাবের প্রায় সবার সঙ্গেই ভালো সম্পর্ক রেখে বিদায় নিচ্ছি।

আরবেলোয়া গত ২০ বছর ধরে কোনো না কোনোভাবে রিয়ালের সঙ্গে জড়িত ছিলেন। ভবিষ্যতে আবারও ক্লাবটিতে ফেরার আশা প্রকাশ করেন ৪৩ বছর বয়সী এই কোচ।

আমি আশা করি এটি কেবল একটি ‘আবার দেখা হবে। মাদ্রিদকে সব সময় আমার ঘরের মতো মনে করেছি। এটি আমার মৌসুমের শেষ ম্যাচ। এটিই মাদ্রিদের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ হবে কি না, তা আমি জানি না। আমি কেবল জয়ের দিকে মনোযোগ দিচ্ছি।

মন্তব্য করুন: