পালমার, ফোডেন, অ্যালেকজান্ডার-আর্নল্ডকে ছাড়াই বিশ্বকাপে ইংল্যান্ড

পালমার, ফোডেন, অ্যালেকজান্ডার-আর্নল্ডকে ছাড়াই বিশ্বকাপে ইংল্যান্ড

আক্রমণভাগের দুই তারকা ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন ও চেলসির কোল পালমারকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে জায়গা হয়নি দুই ডিফেন্ডার রিয়াল মাদ্রিদের ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়াইরের।

আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের জন্য শুক্রবার ২৬ সদস্যের ইংল্যান্ড দল ঘোষণা করেন কোচ টমাস টুখেল।

পালমার, ফোডেন ও ম্যাগুয়াইরের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার বিষয়টি আগেই গণমাধ্যমে এসেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করে ম্যাগুয়াইর জানান, দারুণ মৌসুম কাটানোর পরও দলে জায়গা না পাওয়ায় তিনি অবাক হয়েছেন।

অ্যাস্টন ভিলাকে গত বুধবার ইউরোপা লিগ জেতাতে ভূমিকা রেখে দলে জায়গা পেয়েছেন স্ট্রাইকার অলি ওয়াটকিন্স। তবে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে সৌদি প্রো লিগের এবারের মৌসুমে ৩২ গোল করা আল-আহলির স্ট্রাইকার ইভান টনির নাম। ইংল্যান্ডের হয়ে সব মিলিয়ে কেবল ৫১ মিনিট খেলেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

এবারের মৌসুমে মাঠের পারফরম্যান্সে তেমন আলো ছড়াতে পারেননি ফোডেন ও পালমার। ইংল্যান্ডের হয়ে ৪৯ ম্যাচ খেলা ফোডেন চলতি মৌসুমে সিটির হয়ে প্রিমিয়ার লিগে ২২ ম্যাচে মাঠে নেমে সাতটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেন। অন্যদিকে চেলসির হয়ে চোটাক্রান্ত মৌসুম পার করা পালমার লিগে ২৫ ম্যাচে ৯ গোল করেন।

টুখেলের বিশ্বকাপ দলে জায়গা হয়নি লিভারপুলের কোনো ফুটবলারের। ১৯৮৬ সালের পর এবারই প্রথম বড় কোনো টুর্নামেন্টে অলরেডদের কোনো খেলোয়াড়কে ছাড়াই খেলতে যাবে ইংল্যান্ড।

আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। ‘এল গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

এর আগে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে টুখেলের দল।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, জেমস ট্র্যাফোর্ড

ডিফেন্ডার: ড্যান বার্ন, মার্ক গেয়ি, রিস জেমস, এজরি কোনসা, টিনো লিভ্রামেন্টো, নিকো ওরাইলি, জ্যারেল কোয়ানসা, জেড স্পেন্স, জন স্টোনস

মিডফিল্ডার: এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহ্যাম, এবেরেচি এজে, জর্ডান হেন্ডারসন, কোবি মাইনু, ডেক্লান রাইস, মরগ্যান রজার্স

ফরোয়ার্ড: অ্যান্টনি গর্ডন, হ্যারি কেইন, নোনি মাদুয়েকে, মার্কাস র‌্যাশফোর্ড, বুকায়ো সাকা, ইভান টনি, অলি ওয়াটকিন্স

মন্তব্য করুন: